২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে সহায়তার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সাতক্ষীরায় এক তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যায় সহায়তার অভিযোগে দেবহাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 04:07 AM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শুক্রবার সন্ধ্যায় ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও তার ছেলের বউ আফরোজা সুলতানা রানীকে গ্রেপ্তার করা হয় বলে দেবহাটা থানার ওসি মো. জালাল উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আসাদুল হক ও আফরোজা পারভিনের ছেলে দেলোয়ার হোসেন শাওন।

গত বৃহস্পতিবার শাওনের শ্যালিকা আসমাউল সুলতানা হুসনা (১৬) তাদের একটি বাগান বাড়িতে আকস্মিকভাবে মারা যাওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়। তবে লাশের ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করে স্বজনরা।

এমনকি এ ঘটনায় আসমার বাবা আবদুল মজিদও পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি।

বাড়িতে সাপ দেখে ভয় পেয়ে আসমা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।

ওসি বলেন, “শাওন তার স্ত্রী আফরোজা সুলতানা রানীর বোন হুসনাকে দীর্ঘদিন বাগান বাড়িতে আটক রেখে ধর্ষণ করেছে বলে স্থানীয়দের কাছে অভিযোগ পাওয়ার পর পুলিশ লাশটি আবার হাসপাতালে নিয়ে আসে।

“সেখানে ময়নাতদন্তের পর জানা যায়, মেয়েটি চার মাসের অন্তঃসত্তা ছিলেন। তার শরীরে ধর্ষণের আলামতও রয়েছে।”

এই প্রতিবেদন পাওয়ার পর শাওনের মা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, “শাওন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”