চট্টগ্রামে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে মাত্র একঘণ্টার ব্যবধানে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বারইপাড়া এলাকায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায় আরাফাত হোসেন (৪)।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী বাগান বাড়ি এলাকায় প্রাইভেট কার চাপায় মারা যায় শিশু মানিক (৯)।
সে স্থানীয় জাহাঙ্গীর কলোনির বাচা মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জাহাঙ্গীর।
