২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সংরক্ষিত আসন চায় হিন্দু মহাজোট

হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে জাতীয় সংসদে তাদের জন্য সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 09:03 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

সংসদে ৬০টি আসন সংরক্ষণের পাশাপাশি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন তারা।

সম্প্রতি কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, মঠ-মন্দির ও প্রতীমা ভাংচুরের প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে জোটের নেতারা এসব দাবি জানান।

এই সব হামলায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা।

সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “হিন্দু সম্প্রদাযের ওপর নির্যাতন বন্ধে জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা করতে হবে।”

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত সব বাড়িঘর সরকারি খরচে পুনর্নির্মাণের দাবি জানান বক্তারা।