চট্টগ্রামে শুধু সাদা পোশাকে যাবে না পুলিশ
দেশজুড়ে অপহরণ আতঙ্কের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
পারতপক্ষে সাদা পোশাকে পুলিশি অভিযান না চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি এবং ইউনিফর্মধারী পুলিশকে সঙ্গে নিয়ে এ ধরনের অভিযান চালানো যেতে পারে বলে নগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত দিয়েছেন।
শুক্রবার বিকালে সিএমপির সদরদপ্তরে কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নগরীর বিভিন্ন প্রবেশ পথে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি কোনো ‘সিভিল’ গাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাক পরিহিত কাউকে দেখা গেলে তার পরিচয় নিশ্চিত হওয়ার নির্দেশনা দিয়েছেন কর্মকর্তারা।
এছাড়া নগরীতে চলাচলকারী মাইক্রোবাস ও প্রাইভেট কারের কালো রঙের গ্লাস অপসারণ এবং থানায় অপহরণ সংক্রান্ত অভিযোগ এলে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনার সিদ্ধান্ত হয় সভায়।
এসব সিদ্ধান্ত সিএমপির ফেইসবুক পৃষ্ঠায় শুক্রবার সন্ধ্যার দিকে প্রকাশ করা হয়।
নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাদা পোশাকে অভিযান পরিচালনা করা হলে স্থানীয়রা ভীত হয়ে পড়তে পারে বলে এ ধরনের অভিযান সংরক্ষিত করার সিদ্ধান্ত হয়েছে।
“পাশাপাশি অভিযান পরিচালনার ক্ষেত্রে কিছু বিষয় নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।”
ফেইসবুকে সিএমপির নির্দেশনা শিরোনামের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় সাদা পোশাকে সব ধরনের পুলিশি অভিযান সংরক্ষিত থাকবে।
এ ধরনের অভিযানের ক্ষেত্রে সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের সঙ্গে ইউনিফর্মধারী পুলিশ সদস্যও থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোনো এলাকায় সাদা পোশাকে কোনো অভিযান পরিচালিত হলে এলাকাবাসীকে সংশ্লিষ্ট থানা এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হয়।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি অপহরণের ঘটনার প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
