২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর ব্যবসায়ীর খোঁজ তিন দিনেও মেলেনি

ফেনীর আদালত চত্বর থেকে অপহরণের তিন দিন পরও খোঁজ মেলেনি কাঠ ব্যবসায়ী মো. ইউসুফ মিয়ার।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 07:46 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বুধবার (২৯ এপ্রিল) সকালে ফেনী আদালত চত্বর থেকে ইউসুফকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার রাতে ফেনী প্রেস ক্লাবে তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে তার সন্ধান দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইউসুফ মিয়ার ছেলে মো. ইমরান জানান, তার বাবার সঙ্গে চাচাত ভাই ও স্থানীয়দের জমি নিয়ে বিরোধ ছিল। এ সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় পরশুরাম থেকে ফেনী আসেন তারা বাবা।

ওইরাতে স্থানীয় একটি হোটেলে থেকে পরদিন আদালতে হাজিরা দেন। ২৯ এপ্রিলও  হাজিরা থাকায় রাতে ওই হোটেলে অবস্থান করেন তিনি। এ সময় পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল।

ইমরান জানান, ২৯ এপ্রিল সকালে হোটেল থেকে বেরিয়ে আদালতে যাওয়ার পথে পরিবারের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয়। কিছুক্ষণ পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ইউসুফ মিয়াকে না পেয়ে তার ভাই আবুল কালাম ও জমির ক্রেতা কবির আহম্মদকে আসামি করে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান ইমরান।

এ ব্যাপারে ফেনী মডেল থানার এসআই মো. আলমগীর জানান, ব্যবসায়ী ইউসুফের সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে।