চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আদালতে
ব্যক্তিগত চেম্বারে যেতে না চাওয়ায় ঢাকার মিটফোর্ড হাসপাতালের এক চিকিৎসক এক রোগীর সঙ্গে দুর্ব্যবহার করে তাকে হাসাপাতাল থেকে তাড়িয়ে দিয়েছেন বলে আদালতে অভিযোগ করা হয়েছে।
হাসপাতালের নাক-কান ও গলা বিভাগের মেডিকেল অফিসার মিরাজ হোসেনের বিরুদ্ধে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আরজি আকারে এ অভিযোগ আনেন ঢাকা বারের আইনজীবী মো. আনিসুর রহমান।
মহানগর হাকিম কেশব রায় চৌধুরী অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেছেন।
আরজিতে আনিসুর রহমান বলেন, গত ৮ এপ্রিল সকালে কানে ব্যথার চিকিৎসার জন্য তিনি মিটফোর্ড হাসপাতালের নাক-কান ও গলা বিভাগে যান।
“ওই বিভাগের সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ডা. মিরাজ হোসেন তাকে তার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে একটি ভিজিটিং কার্ড দেন। আমি চিকিৎসককে সাময়িক চিকিৎসা দেয়ার অনুরোধ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন ।
“এরপর পেশাগত পরিচয় দিলে, তিনি আরো ক্ষিপ্ত হয়ে বলেন, ‘কুটে গিয়া কান দেখিয়ে ওষুধ খা’।”
অভিযোগকারী তাকে ভালো ব্যবহারের অনুরোধ করলে চিকিৎসক মিরাজ বলেন, “এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা। না হলে পিয়ন ডেকে উত্তম মাধ্যম দেব।”
পরে ওই চিকিৎসক তাকে গলা ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন বলে আরজিতে বলেন ওই আইনজীবী।
অভিযোগকারী এ বিষয়ে ওইদিনই আইনি নোটিশ পাঠালেও ওই চিকিৎসক তার জবাব দেননি।
