অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অপরাধে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি বিশেষ আদালত।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফজল করিম ওরফে বাদশা (৩৮) চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার পশ্চিম বরগুনা গ্রামের বাসিন্দা মোজাহের মিয়ার ছেলে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেয়।
আসামির প্রাপ্য সম্পত্তি থেকে সংগ্রহ করে আগামী ছয়মাসের মধ্যে তা বাদীর পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে আদালত নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২১ জুন দুই লাখ টাকা যৌতুকের জন্য ফজল করিম তার সাত মাসের অন্তসত্ত্বা স্ত্রী বিলকিস আক্তারকে (২৫) হত্যা করে।
এসময় নিহতের মুখে বিষ ঢেলে তা আত্মহত্যা বলে প্রচার করে ফজল।
মামলায় ফজলের ভাই ও চাচাসহ পাঁচজনকে আসামি করা হলেও ২০১১ সালের ২২ মার্চ পুলিশ ফজলকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং পরের বছরের ১৮ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে।
রাষ্ট্রপক্ষের ১০ জন এবং আসামি পক্ষের দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন।
