১৬ ঘণ্টা পর অপহৃত দুই সহোদরের মুক্তি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অপহরণের ১৬ ঘণ্টা পর দুই সহোদরকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে কেদারী চন্দ্র মণ্ডল ও ঝিলমোহন চন্দ্র মণ্ডলকে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়ক থেকে উদ্ধার করে পুলিশ।
এর আগে ভোর রাত সাড়ে ৪টার সুত্রাপুরে নিজেদের বাড়ি থেকে পুলিশ পরিচয় দিয়ে দুই ভাইকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, সোমবার ভোর রাতে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত পুলিশ পরিচয় দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে কেদারী ও তার ছোট ভাই ঝিলমোহনকে গাড়িতে তোলে নিয়ে যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের খোঁজে পুলিশের অনুসন্ধান চলার মধ্যেই রাত সাড়ে ৮টার দিকে ওই দুই ভাইকে চন্দ্রা-নবীনগর সড়কে রেখে যায় অপহরণকারীরা। পরে পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, স্থানীয় একটি বড় কোম্পানির সঙ্গে অপহৃতদের জমিজমা নিয়ে বিরোধ ছিল।
