ছাত্রদল ও শিবির সভাপতির জামিন
হেফাজতকাণ্ডসহ সাত মামলায় ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও রেলে আগুনের মামলায় শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনকে জামিন দিয়েছে হাই কোর্ট।
রোববার হাই কোর্টের পৃথক দুই বেঞ্চ তাদেরকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
তবে জামিনের পর এই দুই আসামি কারাগার থেকে বের হয়ে আসতে পারবেন কি-না, তা নিশ্চিত করতে পারেননি তাদের আইনজীবীরা।
ছাত্রদল সভাপতি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ জুয়েলকে জামিন দেয়।
আদালতে জুয়েলের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল ওয়াদুদ খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।
আদালত একইসঙ্গে তাকে কেন জামিন (নিয়মিত) দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে।
খোরশেদুল আলম সাংবাদিকদের বলেন, গত বছর মে মাসে মতিঝিলে হেফাজতে সমাবেশের ঘটনার আগে ও পরে মতিঝিল-পল্টন-রমনা থানায় দায়ের করা সাত মামলায় তাকে জামিন দিয়েছে আদালত।
অন্যদিকে গত বছর ঢাকায় রেলে আগুন দেয়ার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের করা এক মামলায় শিবিরের তত্কালীন সভাপতি দেলোয়ার হোসেনকে ছয় মাসের জামিন দেয়া হয়।
বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এই জামিন মঞ্জুর করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সভাপতি জুয়েলকে গত ৬ ডিসেম্বর রাত্রির প্রথম প্রহরে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
অন্যদিকে শিবির সভাপতি দেলাওয়ার হোসেনকে গত বছরের ৩১ মার্চ রাজধানীর শ্যামলী থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
