বাঁশখালী ১১ হত্যা মামলায় নিহতদের প্রতিবেশীর সাক্ষ্য
চট্টগ্রামের আলোচিত বাঁশখালী ১১ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহতদের প্রতিবেশী দেলোয়ার হোসেন।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হ্লা মং এর আদালতে দেলোয়ার হোসেনের সাক্ষ্য দেয়ার পর তাকে আংশিক জেরা করা হয়।
আগামী ১৯ মে সাক্ষীকে বাকি জেরা করার পরবর্তী দিন ঠিক করেছে আদালত।
চট্টগ্রাম জেলা আদালতের পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষী দেলোয়ার হোসেন ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী।
“আদালতে দেলোয়ার জানিয়েছেন ঘটনার রাত দেড়টার দিকে তিনি কয়েকজন আসামিকে ঘটনাস্থলে দেখতে পান। জমি দখলের জন্যই এ ঘটনা সংঘটিত হয় বলে তিনি আদালতে উল্লেখ করেন।”
এর আগে গত ২৫ মার্চ আদালতে সাক্ষ্য দেন বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী। এই পর্যন্ত মামলাটিতে নিহত পরিবারের সদস্যসহ পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের শীলপাড়ায় তেজেন্দ্র শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পর তেজেন্দ্র শীলের ছেলে বিমল শীল বাদি হয়ে মামলা করেন।
সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু ২০০১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
এরপর ওই বছরের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এতে ডাকাতির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, খুন ও লুটতরাজের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
কিন্তু রাষ্ট্রপক্ষ ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি আগের অভিযোগ বাদ দিয়ে আসামি আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সম্পত্তি দখল করার উদ্দেশে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ গঠনের আবেদন জানায়।
এরপর ওই বছরের ১৯ এপ্রিল এ হত্যা মামলায় ৩৮ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে আদালত।
তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এ মামলার আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।
