সুবর্ণ এক্সপ্রেসে অস্ত্র-বিস্ফোরক
চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে একটি একে-২২ রাইফেল এবং বিস্ফোরক পেয়েছে পুলিশ।
ট্রেনটি সোমবার দুপুরে ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে এসে থামলে পুলিশ তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন নূরুল ইসলাম (৩৬) এবং শামীম ওরফে আবদুল্লাহ (২২)।
পুলিশ জানায়, আন্তঃনগর এই ট্রেনের একটি বগিতে ওই দুজনের ব্যাগে রাইফেলটি ছাড়াও ২টি ম্যাগজিন, ৮রাউন্ড গুলি, ৩টি সুইচ গিয়ার চাকু, ১০টি পাওয়ার জেল বিস্ফোরক রোল এবং ১০টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই রেলমন্ত্রী মুজিবুল হক কমলাপুরে যান এবং সেখানে উপস্থিত সংবাদিকদের জানান, নাশকতার জন্যই এগুলো ঢাকায় আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে আশা করেন তিনি।
