চট্টগ্রামে শতবর্ষী বৃক্ষ নিধন: রেলের প্রকৌশলী বরখাস্ত
চট্টগ্রামের পাহাড়তলীতে শতবর্ষী গাছ কাটার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পূর্ব রেলের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত আমীর হোসেন খান পূর্ব রেলের উপ-সহকারী প্রকৌশলী। তিনি পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ সংলগ্ন গাছ কাটা ও চুরির ঘটনায় করা মামলার বাদি।
সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্র ও শনিবার রেলের মালিকানাধীন গাছগুলো কাটার সময় দায়িত্বে অবহেলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
“ওই প্রকৌশলীর কার্যালয়ের সামনে দুইদিন ধরে গাছ কাটা হলেও তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেননি এবং ঘটনা পরবর্তী সময়েও তার কার্যক্রম উল্লেখযোগ্য ছিল না।”
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গত শনিবার সকাল থেকে নগরীর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ সংলগ্ন সড়কের উভয় পাশে রেইন ট্রি ও বটসহ বেশকিছু বৃক্ষ কাটে একদল লোক।
এব্যাপারে রেলওয়ে ও চট্টগ্রাম সিটি করপোরেশন একে অপরকে দোষারোপ করে গাছ কাটার বিষয়টি তাদের অগোচরে ঘটেছে বলে জানায়।
পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর রেল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশে দেয় এবং খুলশী থানায় গাছ কাটার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।
