গোপালগঞ্জে ৪র্থ শ্রেণির প্রশ্নপত্র ‘ফাঁস’
গোপালগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ধর্ম বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া জানান, সোমবার উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল, যা পরে বাতিল করা হয়।
“আমরা প্রশ্ন করে স্কুলের প্রধান শিক্ষকদের হাতে দিয়ে দেই। ওই প্রশ্নে গোটা উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
“প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে।”
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
অভিভাবক ও গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসু সিকদার অভিযোগ করেন, শহরের বিভিন্ন কোচিং সেন্টার থেকে এ প্রশ্নপত্র সাজেশন্স হিসেবে দেয়া হয়েছে।
“আমার ছেলে সারা বছর পড়েও ভাল রেজাল্ট করতে পারে না। কিন্তু অনেকে না পড়েই পরীক্ষার আগে প্রশ্নপত্র হাতে পেয়ে ভাল রেজাল্ট করে।”
এ ঘটনায় জড়িত কোচিং সেন্টারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
