কুমিল্লায় পুলিশের উপর চড়াও শিবির
কুমিল্লার মনোহরপুরে মিছিলে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা চালিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
সোমবার সকাল ১০টার দিকে ওই ঘটনার পর পুলিশ রাবার বুলেট ছোড়ে বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুজ্জামান।
ওই ঘটনার সময় নিজেদের ১০ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে শিবির, যাদের ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
পরিদর্শক সামছুজ্জামান জানান, সাতক্ষীরায় পুলিশের গুলিতে শিবির নেতা নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কান্দিরপাড় এলাকা থেকে শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. শাহ আলম বলেন, “পুলিশের হামলায় আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে ৫ জন গুলিবিদ্ধ রয়েছেন।”
গুলিবিদ্ধরা হলেন শাহাদাত হোসেন, ইলিয়াস হোসেন, মাসুম বিল্লাল, সাজ্জাদ হোসেন ও গোলাম কিবরিয়া।
