কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকারে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। এ সময় দুই পুলিশসহ চারজন আহত হয়েছে।
দাউদকান্দি থানার ওসি আবদুস ছালাম জানান, রোববার গভীর রাতে হাসানপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনায় নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চিকিৎসার জন্য গুলিবিদ্ধ দুই পুলিশকে গৌরীপুর হাসপাতালে এবং গাড়ি চালক তাজেলকে ঢাকায় পাঠানো হয়েছে। গাড়ির আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেয়অ হয়।
ওসি ছালাম জানান, রাত ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের টায়ারে রড ছুড়ে তা থামানোর চেষ্টা করে ডাকাতেরা। প্রাইভেটকারের চালক তাজেল বড়–য়া বিষয়টা দেখতে গাড়ি থেকে নামলে ডাকাতরা তাকে আক্রমণ করে।
“ওই সময় তাজেল গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় মহাসড়কে টহলরত পুলিশ ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।”
এতে পুলিশের এসআই আতিকুর রহমান ও কনস্টেবল ইউসুফ গুলিবিদ্ধ হন। প্রাইভেটকার আরোহী কেবা রাখাইনও ডাকাতের হামলায় আহত হন। গুলিবিদ্ধ এক ডাকাতকে গৌরীপুর হাসপাতাল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে।
