আইডিবির সক্রিয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইডিবি’র প্রেসিডেন্ট আহমদ মোহাম্মদ আলী রোববার সন্ধ্যায় গণভবনে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চাইলে সর্বাত্মকভাবে তা করার আশ্বাস দেওয়া হয় এই উন্নয়ন সহযোগীর পক্ষ থেকে।
পরে এবিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবিষয়ে সাংবাদিকদের জানান।
মাহবুবুল হক শাকিল বলেন, “সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আইডিবি’র পেসিডেন্টকে বলেছেন, ‘২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে যাতে জনগণের মৌলিক চাহিদা পূরণ হয়, তাতে আইডিবি’কে আরো সক্রিয়ভাবে দেখতে চাই।”
আহমদ মোহাম্মদ আলী বাংলাদেশের পাশে থাকার জন্য সম্মতি জানিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক নাগরিককে ব্যাংকিং সেবার আওতায় আনতে চান।
এজন্য আগামীতে পেনশন ও বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতাগুলো ব্যাংক ও পোস্ট অফিসের আওতায় আনা হবে।
কৃষক, মুক্তিযোদ্ধা, তৈরি পোষাক শিল্পের শ্রমিক এবং নিরাপত্তা বেষ্টনির আওতায় যারা ভাতা পাচ্ছেন তাদের দশ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দেওয়া হয়েছে।
আইডিবি প্রধান প্রধানমন্ত্রীকে জানান, আইডিবি বাংলাদেশে তাদের অফিস করতে যাচ্ছে। এজন্য তাদের কাজও এগিয়ে যাচ্ছে।
আইডিবি’র ঢাকা অফিসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।
আইডিবি’কে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, মৎস্য ও পশু সম্পদ, পানি সরবরাহ এবং পয়োঃনিষ্কাশনে সহায়তা করে যাচ্ছে।
সিডরের পর মধ্যপ্রাচের এক নাগরিক নাম প্রকাশ না করার শর্তে এক’শ ৩০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছিলেন।
ওই অর্থ দিয়ে উপকূলীয় অঞ্চলে এক’শ ৭০টি সাইক্লোন সেন্টার এবং ২৪টি স্কুল ও সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে।
এই অবকাঠামো বাস্তবায়নের জন্য আইডিবি’র পেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এই সাইক্লোন সেন্টারগুলোতে সৌর বিদ্যুতেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বৃষ্টির পানি ধারণ ও গবাদি পশু রাখার ব্যবস্থাও করা হয়েছে।
সাক্ষাতকালে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং মূখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
