২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট হ্যাকড

ঢাকায় সার্ক দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের সম্মেলনের মধ্যে হ্যাক হয়ে শনিবার কিছু সময়ের জন্য অচল ছিল বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 01:13 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

শনিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে (http://www.cabinet.gov.bd) ঢুকে দেখা যায়, হোম পেইজে্ কালো জমিনের ওপর ভারতের জাতীয় পতাকার ছবি। তার নিচেই ইংরেজিতে লেখা ‘হ্যাকড বাই ব্ল্যাক ড্রাগন’।

বাংলাদেশি হ্যাকারদের ‘সাবধান’ করে ব্ল্যাক ড্রাগন লিখেছে, “এটা বাংলাদেশি হ্যাকারদের জন্য সতর্কবার্তা, তারা যেন ভারতীয় সাইট হ্যাক করা থেকে বিরত থাকে।”

বাংলাদেশি হ্যাকারদের উদ্দেশে ব্ল্যাক ড্রাগন বলেছে, “আমরা আপনাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হতে চাই না। কিন্তু আপনারা বন্ধ না করলে এ রকম আরো ঘটনার জন্য প্রস্তুত থাকুন।”

মন্ত্রিপরিষদ বিভাগের সহকারী সিস্টেম এনালিস্ট গোলাম মোস্তফা রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইট ঠিক করার কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ওয়েবসাইটের সঙ্গে হোস্ট করা জানিয়ে তিনি বলেন, ব্যাপআপ থেকে সাইট ঠিক করা হচ্ছে।

এর কিছু সময়ের মধ্যে সাইটটি সচল পাওয়া যায়।

ঢাকার রূপসী বাংলা হোটেলে শনিবার থেকে দুদিনব্যাপী সার্ক দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের দ্বিতীয় সম্মেলন শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশারাফ হোসাইন ভূইঞা এতে সভাপতিত্ব করছেন।

পুরনো খবর:

সন্ত্রাসের বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর