২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলিতে যুবক নিহত

ঢাকার সাভারে ‘পূর্ব শত্রুতার জের ধরে’ এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় একজন আহতও হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 10:50 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার সন্ধ্যায় বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রহিম বাদশা (৩৮) রাজধানীর মিরপুরের হরিরামপুর এলাকার বাসিন্দা এবং জমি ব্যবসায়ী।

আহত বেনাত উল্লাহকে (৪২) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় এম বি বি ব্রিক ফিল্ডে মাটি সরবরাহকারী। তার বাম পাশের পেটের পাশে গুলি লেগে বেরিয়ে গেছে।

বেনাত উল্লাহ হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন মিলে নগরকোন্ডা বাজারে মনিরের চা দোকানে বসে চা খাচ্ছিলেন। তখন ৪টি মোটরসাইকেলযোগে আসা মুখোশ পরা দুর্র্বত্তরা এলোপাথাড়ি গুলি ছোড়ে।

রহিম বাদশা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

বেনাত উল্লাহ আরো জানান, হামলাকারী আট জনের মধ্যে তিনি লিটন, রশিদ, আব্দুর রউফ নামে তিন জনকে তিনি চিনতে পেরেছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাথায় গুলিবিদ্ধ হয়ে রহিম বাদশা মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এতে জড়িত কাউকে আটক করতে পারেননি বলেও জানান তিনি।