২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

ফেনী সদরের কাশিমপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরেক এসএসসি পরীক্ষার্থী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

ফেনী-নোয়াখালী সড়কে শনিবার বিকালে এ দুর্ঘটনায় নিহতরা হলেন দাগনভূঞা উপজেলার সিলোনিয়ার পূর্ব হীরাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (১৬) ও সোনাপুর গ্রামের শফিকুল আলমের ছেলে ইফতেখার আলম (১৭)।

দাগনভূঞার ধর্মপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জুনায়েদ হোসেন জনিকে (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাহাঙ্গীর আলম জানান, বিকালে ফেনী থেকে দাগনভূঞাগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে নিহত হন পারভেজ হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় ইফতেখারের।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি আটক করেছে।

এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হতাহতরা দাগনভূঞার সিলোনিয়া হাই স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।