২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মহলের অকুণ্ঠ সমর্থন রয়েছে’

যুদ্ধাপরাধীদের বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় আন্তজার্তিক মহলের ‘অকুণ্ঠ’ সমর্থন পেয়েছে সরকার বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী মো. আব্দুল্লাহ আবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:35 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের মতবিনিময় সভায় তিনি বলেন, “একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে বলেই আন্তর্জাতিক মহলে এ নিয়ে আর কোন উচ্চবাচ্য নেই।

“সকল মহলের অকুন্ঠ সমর্থনে সকল যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, “মৃত্যুদন্ডপ্রাপ্ত আলবদর আশরাফুজ্জামান খানসহ আরো যারা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে পালিয়ে রয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে রায় কার্যকর করার প্রক্রিয়াও শুরু হয়েছে। দণ্ডিত অপরাধীরা যেখানেই থাকুক তাদের বিচারের সম্মুখীন হতেই হবে।”

ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের পর নিউইয়র্কে ফিরে আব্দুল্লাহ আবু এই সভায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।

তিনি বলেন, “নানা ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার বলেছেন, “বিপুল অর্থ ব্যয়ে জামাত-শিবিরের প্রবাসী এজেন্টরা বিভিন্ন মিডিয়ায় শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে লাগাতারভাবে অপপ্রচার চালাচ্ছে। এদেরকে চিহ্নিত করতে হবে এবং সামাজিকভাবে বর্জন করার সময় এসেছে।”

যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মুর্শেদা জামান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক  আব্দুর রহমান মামুন মতবিনিময় সভাটি পরিচালনা করেন।

এতে আরো বক্তব্য দেন ড. প্রদীপ কর, মানবাধিকার আইনজীবী অশোক কর্মকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন প্রমুখ।