চট্টগ্রামে পোশাক ও আসবাব কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামে পোশাক ও আসবাব কারখানায় আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় এথেনটিক গার্মেন্টেসে ও শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কালুরঘাট শিল্প এলাকার কিটকো ফার্নিচার কমপ্লেক্স নামের একটি আসবাবপত্রের কারখানায় আগুন ধরে।
এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
লামাবাজার স্টেশনের স্টেশন অফিসার রেজা-এ-রাব্বি জানান, গভীর রাতে ভেড়া মার্কেট এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলায় সলিমুদ্দিনের মালিকানাধীন এথেনটিক গার্মেন্টেসের ফিনিশিং কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।
কালুরঘাট স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, ভোর সাড়ে ৫টার দিকে শিল্প এলাকার ‘কিটকো ফার্নিচার কমপ্লেক্স’ নামে একটি আসবাবপত্রের কারখানায়ও বৈদ্যুতিক যোগযোগ থেকে আগুনের সূচনা হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগেই কারখানার কাঠ ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
