২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসে ফিটনেসহীন গাড়ি মুক্ত হবে ঢাকা, বললেন মন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে রাজধানী থেকে ফিটনেসবিহীন সব যানবাহন উঠিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 06:08 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি বলেন, “একেবারে আনফিট গাড়ি যেন চলতে না পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি পর্যায়ক্রমে উঠিয়ে নেয়া হবে।

“আগামী ৬ মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ি থাকবে না।”

ফিটনেস না থাকা গাড়ি উচ্ছেদে এতো সময় কেন নেয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “তুঘলকি সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করা যায় না। এখানে যানবাহন কম, যাত্রী বেশি।  ফিটনেসবিহীন গাড়ি উঠিয়ে নেয়ার আগেই রিপ্লেসমেন্ট করার চিন্তাভাবনা করা হচ্ছে।”

যাত্রী পরিবহন ব্যবসা যেন লাভজনক হয় সেজন্যও উদ্যেগে নেয়া হচ্ছে জানিয়ে যোগযোগমন্ত্রী বলেন, সাত হাজার থেকে কমে বর্তমানে মাত্র চার হাজার বাস রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, রাস্তা দখলমুক্ত, ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদে আগামী মাস থেকে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে।

সমন্বিত পদক্ষেপের আওতায় যোগাযোগমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এর পাশাপাশি নগরীর বাস টার্মিনালগুলোতে সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।

বর্তমানে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে পরিচালনা করে।

ঢাকার ট্রাফিক সিগন্যাস ব্যবস্থা ডিএমপির কাছে পুরোপুরি হস্তান্তর করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “এর মাধ্যমে দ্বৈত সিগন্যালিং ব্যবস্থাপনার অবসান হবে।”

সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিকারমূলক পদক্ষেপ নিতে বিআরটিএ চেয়ারম্যানকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান যোগাযোগমন্ত্রী।

সভায় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।