২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ল অটবির কোটি টাকার সম্পদ

সাভারের বিরুলিয়ায় অটবি ফার্নিচার কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সেলিম আহমেদ

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2014, 11:14 PM

Updated : 13 Oct 2022, 12:01 PM

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ওই কারখানায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১০ ইউনিটের প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ভোররাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ অগ্নিকাণ্ডে কয়েকজন দগ্ধ হয়েছেন বলে অটবির কর্মীরা জানালেও আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

অটবির কর্মকর্তারা জানান, ৩০ বিঘা জমিতে ইটের দেয়ালের উপর টিনের ছাউনি দিয়ে গড়ে তোলা পুরো কারখানা আগুন পুড়ে গেছে।

প্রতিষ্ঠানটির প্রধান উৎপাদন কর্মকর্তা ফারুক ইবনে রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার ভিতরে থাকা অনেক দামী যন্ত্রপাতি, কাঁচামাল ও ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে।

“যেসব ফার্নিচার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল সেগুলোরই দাম অন্তত ৫০ কোটি টাকা।”

হিসাব করা ছাড়া ক্ষয়ক্ষতির পুরো তথ্য বলা সম্ভব নয় বলে জানান তিনি।

এটাই অটবির সবচেয়ে বড় কারখানা জানিয়ে রায়হান বলেন, “এখান থেকেই দেশ-বিদেশে অটবির সব কাঠের ফার্নিচার সরবরাহ করা হতো।”

ওই কারখানার অভ্যর্থনা কর্মী সৈয়দ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার লেকার সেকশনে (কাঠ রং করার স্থান) প্রথমে আগুন লাগে। তখন কারখানায় প্রায় দুইশ’ মানুষ কাজ করছিলেন। আগুনের খবর শুনে সবাই দৌড়ে বেরিয়ে আসে। এ সময় কয়েকজন আগুনে সামান্য দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজ বলেন, কারখানার ভিতরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাসায়নিক ভর্তি ড্রাম মাঝে মাঝেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

কারখানার ভিতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানান তিনি।

ফায়ার ব্রিগেডের এই কর্মকর্তা বলেন, কারখানার ভিতরে পানি পাওয়া না যাওয়ায় বাইরে থেকে পানি এনে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে অটবির কর্মকর্তারা জানান।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।