মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে বিষ্ণপুর গ্রামে জাহাঙ্গীর আলমের (২৪) লাশ পাওয়া যায়। জাহাঙ্গীর দৌলতপুরের বউড়া গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের দাবি, স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ার কারণে জাহাঙ্গীরকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন।
দৌলতপুর থানার ওসি শওকত আলম জানান, শনিবার রাত ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি জাহাঙ্গীর।
রোববার সকালে বিষ্ণপুর গ্রামে শ্বশুর বাড়ির কাছে একটি আমগাছে এলাকাবাসী জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
জাহাঙ্গীরের বাবা সফিজ উদ্দিন জানান, প্রায় আড়াই বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে বিষ্ণুপুর গ্রামের আবদুল জলিলের মেয়ের (নাম প্রকাশ করা হলো না) বিয়ে হয়।
বিয়ের এক বছর না যেতেই খালাত ভাইয়ের মেয়েটির প্রেমেরে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি।
সফিজ উদ্দিন জানান, এ নিয়ে কয়েকবার পারিবারিকভাবে সালিশ বৈঠক হয়েছে। সপ্তাহখানেক আগে মেয়েটি বাবার বাড়ি চলে যায়।
