বারডেমের ঘটনায় দুই মামলা বিচার বিভাগীয় তদন্তে
হামলার অভিযোগে বারডেম কর্তৃপক্ষের মামলার পর অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন রোগীর স্বজনরা।
রোববার দুই মামলার আরজি গ্রহণ করে দুটি ক্ষেত্রেই বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান।
গত ১৩ এপ্রিল সিরাজুল ইসলাম নামে এক রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ এনে তার স্বজনরা বারডেম হাসপাতালে ভাংচুর চালায়। ওই সময় তিন চিকিৎসক মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ১৫ এপ্রিল থেকে ধর্মঘট শুরু করেন বারডেমের চিকিৎসকরা। ফলে ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষায়িত এই বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে।
চিকিৎসকদের দাবির মুখে ‘হামলাকারী’ এক পুলিশ কর্মকর্তাকে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হলে ধর্মঘটের অবসান ঘটে।
ধর্মঘট তুলে নেয়া হলেও সহকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বারডেম চিকিৎসকরা। এর মধ্যেই রোববার পাল্টাপাল্টি মামলা হল।
সকালে বারডেমের জ্যেষ্ঠ নিরাপত্তা সুপার মো. মানিক মোল্লা ঢাকার হাকিম আদালতে একটি মামলা করেন।
সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছিল এই রোগীরা।
ওই মামলায় সিরাজুলের স্বজন পুলিশের অতিরিক্ত সুপার এ বি এম মাসুদ হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ২০-২৫ জনকে আসামি করা হয়।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ব্যক্তিগত সহকারী ইসহাক হোসেন বাবু,মৃত রোগীর মেয়ে ফারহানা নাসরিন।
এই আসামিদের বিরুদ্ধে হাসপাতালে অবৈধ অনুপ্রবেশ, ভাংচুর ও চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
চিকিৎসকদের ওপর হামলার পাশাপাশি হাসপাতালের টেলিভিশন, কম্পিউটারসহ বিভিন্ন জিনিস ভাংচুর করে ১ লাখ ৮৭ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।
বারডেম কর্তৃপক্ষের মামলার কয়েক ঘণ্টার মধ্যে আরজি নিয়ে আদালতে যান সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা।
বাবার মৃত্যুর জন্য পাঁচ চিকিৎসককে দায়ী করে তাদের মামলায় আসামি করেছেন ফারহানা। তারা হলেন- ডা. আজাদ, ডা. শামীমা আক্তার, ডা. ফিরোজ আমিন, ডা. কল্যাণ দেবনাথ ও ডা. আনোয়ার হোসেন।
পুরান ঢাকার হোসনি দালান রোডের বাসিন্দা ডায়াবেটিক রোগী সিরাজুল ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৯ এপ্রিল, এর চারদিন পর তার মৃত্যু হয়।
বারডেমে দুর্ভোগের অবসান
