২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট কারাগারের ২০ বন্দি হাসপাতালে

পহেলা বৈশাখের খাবার খাওয়ার পর বাগেরহাট জেলা কারাগারের অসুস্থ ২০ হাজতি ও কয়েদিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2014, 12:38 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টার মধ্যে কারা কর্তৃপক্ষ নিজস্ব গাড়িতে ১৪ হাজতি ও ছয় কয়েদিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।চিকিৎসকরা বলছেন, খাবারে বিষক্রিয়ায় তারা আক্রান্ত হয়েছেন। কিন্তু, কারা কর্তৃপক্ষের দাবি- খাবার খেয়ে নয়, কারাগারের পানির কারণে এ অবস্থা হয়েছে।হাসপাতালে ভর্তি হয়েছেন হাজতী শাহ জালাল (৩৫), হেদায়েত (৪০), গোপাল চন্দ্র পাইক (২৮), আবু বক্কর সিদ্দিক (২৮), মো. এমাদুল (৩৫), মুজিবর ফরাজী (৩০), হেমায়েত (৩৫), মিজান (৪৫), মিন্টু শেখ (৪৭), জাহিদুল ইসলাম (২৪), লিটন (২০), রাসেল (২৪), কালাম (৪০), আব্বাস (৩০) এবং কয়েদী মনির হাওলাদার (৩০), মাহাতাব খান (৪৫), নজরুল ইসলাম (৪২), বাচ্চু (৪১), হীরামনি (৪২) ও মুক্ত মীর (৩০)।এ ছাড়া কারাগারের অভ্যন্তরে আরো পনেরো জন বন্দিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।হাসপাতালে আসা কয়েকজন কারারক্ষী বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে সোমবার সকাল, দুপুর ও রাতে কারাগারে পান্তা-ইলিশ, পোলাও, মাংস, ফলসহ বিভিন্ন উন্নত খাবার পরিবেশন করা হয়েছিল।সকালে কয়েকজন হাজতি তাদের পাতলা পায়খানা ও বমি হচ্ছে বলে কর্তৃপক্ষকে জানান। এরপর পর্যায়ক্রমে তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়।বাগেরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কুহেলী বেগম দুপুরে বলেন, “কয়েক দফায় হাসপাতালে আনা ২০ বন্দিকে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে বলে প্রাথমিভাবে ধারণা করছি। এখন তারা সবাই সুস্থ রয়েছেন।”এ ব্যাপারে বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আমানুল্লাহ বলেন, “কারাগারে সুপেয় পানির সংকটের কারণে প্রচণ্ড গরমের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”তিনি আরো বলেন, সোমবার সকাল থেকেই কারাগারে উন্নত খাদ্য পরিবেশন করা হয়। খাদ্যের মান ভালো ছিল। কিন্তু কারাগারে খাবার পানির ভালো কোনো উৎস নেই।বন্দিদের ব্যবহৃত টিউবওয়েলের পানিতে লবণ ও লৌহের মারাত্মক উপস্থিতি রয়েছে বলে দাবি করেন তিনি।সুপেয় পানির সংকটের বিষয়ে বিভিন্ন সময় জেলা প্রশাসক, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে বলেও জানান তিনি।বাগেরহাটের সিভিল সার্জন মো. বাকির হোসেন বলেন, সদর হাসপাতালে ভর্তি হওয়া বন্দিদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এছাড়া কারাগারের ভেতরে থাকা অসুস্থদের জন্য বাগেরহাট সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা মোশারেফ হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি চিকিৎসা দল সেখানে পাঠানো হয়েছে।খবর পেয়ে কারাগার পরিদর্শন করেছেন কারা-পুলিশের খুলনা বিভাগীয় উপ-মহা পরিদর্শক (ডিআইজি প্রিজন) এ কে এম ফজলুল হক।জেলা প্রশাসক ও জেলা বেসরকারি কারা পরিদর্শন কমিটির সভাপতি মো. শুকুর আলী বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সবকিছুই নিয়ন্ত্রণে আছে এবং বন্দিদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।“কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে কারাগার পরিদর্শন করেছেন। প্রয়োজন হলে আমরা তদন্ত কমিটি করে প্রয়োজনীয় অনুসন্ধান করব।”কারাগারে সুপেয় পানির সংকট বিষয়ে তিনি বলেন, “বিষয়টি আমরা জানি। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে তা কিছুটা সময় সাপেক্ষ।”