২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুই উপজেলায় দুই খুন

ফরিদপুরের ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 10:16 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

পুলিশ জানায়, সোমবার বিকালে ভাঙ্গায় ব্যবসায়ী হবি শেখের (৩০) লাশ পাওয়া যায় এবং চরভদ্রাসনে কৃষক দলিল উদ্দিনকে (৬০) হত্যা করা হয়।

সোমবার বিকালে পৃথক এ দুটি ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. দাদন ফকির জানান, ব্যবসায়ী হবি শেখকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে আলগী ইউনিয়নের ধাওনা দোয়াল বিলে ফেলে রেখে যায়।

সোমবার বিকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মালার করেছেন বলে জানান ওসি।

অপরদিকে চরভদ্রাসন উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দলিল উদ্দিনকে হত্যা করে।

চরভদ্রাসন থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের কেএম ডাঙ্গী গ্রামের জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষ আবুল কাশেম বেপারী ও তার লোকজন হামলা চালায়। এতে দলিলউদ্দিন নিহত হন।

এই ঘটনায় চরভদ্রাসন থানায় নিহতের মেয়ে সুমি আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, “জমিজমা নিয়ে দীর্ঘদিন কাশেম বেপারীর সঙ্গে আমার স্বামীর বিরোধ ছিল। এরই জের ধরে বিকালে কাশেম ও তার সহযোগীরা হামলা চালিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে।’