শার্শায় বর্ষবরণে মেয়েরা
যশোরের শার্শা উপজেলায় কলেজ ও স্কুলছাত্রীরা নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
সোমবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, গান, কবিতা ও পান্তা ইলিশের আয়োজন।
সকাল সাড়ে ৮টায় শার্শা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের একটি মঙ্গল শোভাযাত্রা বুরুজবাগান হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে নাভারন ফজিলাতুননেছা মহিলা কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
এতে ৩৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ১১টি কলেজের প্রায় পাঁচ হাজার ছাত্রী অংশ নেয় বলে জানিয়েছেন বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ফজিলাতুননেছা মহিলা কলেজের উপাধ্যক্ষ লায়লা আফরোজা বানু মলি।
স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও শোভাযাত্রায় অংশ নেন।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নববর্ষের ব্যানার, ফেস্টুনসহ রং-বেরংয়ের পোশাকে গ্রামবাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলে মেয়েরা।
এছাড়াও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিযোগিতামূলকভাবে সাজিয়েছিল ৮টি স্টল। সেখানে গ্রামবাংলার জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়।
শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবেকা সুলতানা শিল্পী বলেন, শার্শার মেয়েদের জন্য পৃথক কোনো অনুষ্ঠান না থাকায় প্রতিবছর বর্ষবরণের এই দিনটির অপেক্ষায় থাকে তারা।
প্রতিবছরই নববর্ষের এই অনুষ্ঠানটি মেয়েদের একটি মিলন মেলায় পরিণত হয় বলে তিনি মন্তব্য করেন।
