নাটোরে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ
ভারতীয় মালামাল জব্দ করা নিয়ে নাটোর রেল স্টেশনে চোরাকারবারী ও সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঘটনাস্থলে যান। বিজিবি ছয় রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
বিজিবির ৩২ ব্যাটালিয়নের মেজর তারেক মাহমুদ সরকার জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবি ভোর ৫টায় নাটোর রেল স্টেশন এলাকায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।
বিজিবি সদস্যরা ট্রেনের দুটি টয়লেট থেকে ১২০০ কেজি ভারতীয় জিরা ও ৩০০টি শাড়ি উদ্ধার করে।
এ সময় চোরাকারবারীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কিছু চোরাকারবারী বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে।
এতে বিজিবির একটি পিকআপের কাচ ভেঙে যায় বলেও তিনি জানান।
বিজিবি কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা সাগর চৌধুরী নামে এক চোরাকারবারী ও স্থানীয় তিন ব্যবসায়ীকে আটক করে।
পরিস্থিতি সামাল দিতে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
স্থানীয়রা জানান, স্থানীয় ব্যবসায়ীকে আটক করায় সাধারণ ব্যবসায়ীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুর ৩টার দিকে নাটোর স্টেশন এলাকায় কুষ্টিয়া ও রাজশাহী সেক্টর থেকে অতিরিক্ত বিজিবি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনা স্থলে গিয়ে বিজিবির সাথে আলোচনা করেন।
আলোচনার পর আটক তিন ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।
নাটোর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, বিজিবি সদস্যরা তার কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে ট্রেনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।
নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিকাল ৫টা নাগাদ পরিস্থিতি শান্ত হয়েছে।
