২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোটাই যেন এক মেলা

বাংলা নতুন বছরের আগমনী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্কসহ আশেপাশের এলাকার পুরোটাই এক মেলায় পরিণত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 09:22 PM

Updated : 22 Aug 2022, 06:04 PM

ভোরেই নববর্ষ উপলক্ষে নানা কর্তৃপক্ষের নানা আয়োজনের পাশাপাশি স্বাধীনভাবে দোকানিরা নানা সামগ্রী নিয়ে তাদের পসরা সাজিয়ে বসেন এসব এলাকায়।

বাঁশি, ঢোল, খঞ্জনি আর মন্দিরার শব্দের পাশাপাশি নাগরদোলা-পুতুল নাচের আয়োজন পুরো অঞ্চলকে দেয় সার্বজনীন উৎসবের রুপ।

বাঙালির প্রাণের এই মেলা যেন একই বয়সে দাঁড় করিয়ে দিয়েছিলো সব বয়সী মানুষকে। উৎসবে যোগ দিয়েছে কোলের শিশু থেকে শুরু করে সত্তোর্ধ বয়সীরাও। বৈশাখের রঙে মেতেছেন সবাই। 

তরুণীদের রিনিঝিনি চুড়ির শব্দে পুরো এলাকা জুড়ে যেন এক অনাবিল আসক্তি তৈরি হয়, তরুণদের বাহারি পাঞ্জাবি মেলাকে দেয় এক সৌম্যকান্তি চেহারা। হেসে-খেলে শিশুরা দিয়েছে প্রাণের সঞ্চার।

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রার দিয়ে বৈশাখের লোক সমাগম শুরু হয় এসব এলাকায়। দুই আয়োজনে আসা মানুষের ভিড় ছড়িয়ে যায় পুরো এলাকায়।

অনুষ্ঠিত হয় ধুতি মিছিল-লুঙ্গি মিছিলের মতো ব্যতিক্রমধর্মী আয়োজনও।

নববর্ষকে সামনে রেখে রোববার রাত থেকেই শাহবাগ থেকে বাংলা একাডেমি পর্যন্ত বিভিন্ন জায়গায় পণ্যের পসরা সাজিয়ে জায়গার দখল নেন বিভিন্ন এলাকা থেকে আসা দোকানিরা।

দুপুর নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা বটমূল ছাড়াও হোটেল রূপসী বাংলার সামনে, দোয়েল চত্বর থেকে হাইকোর্ট এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরো এলাকাজুড়ে দোকানিরা তাদের পণ্য নিয়ে বসে পড়েন। 

এরইমধ্যে বৈশাখ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় ১০দিনব্যাপী বৈশাখী মেলার।

বাংলা একাডেমির সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে, যাতে দেশের বিভিন্ন এলাকা থেকে চারু-কারু ও কুটির শিল্পীরা অংশ নিচ্ছেন।

মেলায় ঝিনাইদহ থেকে আসা গোপেন্দ্রনাথ চক্রবর্তী শোলা দিয়ে নানা ধরনের খেলনা বানাচ্ছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় চার দশক যাবত আমি বিভিন্ন এলাকার মেলায় যাই। আমার দেখা মতে এই এলাকায় বৈশাখের লোক সমাগম সবচেয়ে বেশি হয়।

“বিভিন্ন অনুষ্ঠান হলেও আসলে মানুষ নিজের মত করে এখানে নতুন বছরকে স্বাগতম জানায়।”

তিনি জানান, কোন নির্দিষ্ট পণ্য নয়, বরং যখন যা মনে হয় তা-ই শোলা দিয়ে বানান। 

নানা ধরনের গহনা নিয়ে এসেছেন ধামরাইয়ের শিল্পী দিলীপ সরকার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেচাকেনা বেশ ভালো। ঢাকা ভার্সিটির এই এলাকায় এতো মানুষ আসে! এই মেলায় এসে সব দোকানদারই খুশি হয়ে ফিরে যায়।"

মেলায় নানা কারুকাজে তৈরি পিতলের তৈজসপত্র, দেশের বিভিন্ন এলাকার কুটির শিল্পজাত সামগ্রী, হাতে নকশা করা শাড়ি, বিছানার চাদর, টেবিল ক্লথ ইত্যাদির পাশাপাশি রয়েছে খেলনা, একতারা-দোতারার মত বাদ্যযন্ত্রও। রয়েছে খৈ-বাতাসসহ নানা ঐতিহ্যবাহী খাবারও।

বাংলা একাডেমি প্রাঙ্গনের এ আয়োজনে রয়েছে, নাগরদোলা ও পুতুল নাচের আসরও।

বৈশাখ উপলক্ষে তিনদিনব্যাপী পিঠা উত্সব ও কারুশিল্প মেলার আয়োজন করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এই উত্সবে পিঠার নানা স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রীও।

উৎসবে ঢাকার বাইরের মানুষও

বাঙালির এই বর্ষবরণে যোগ দিতে সিলেট থেকে পরিবার নিয়ে ছুটে এসেছেন ওবায়দুর রহমান। সকালে তিনি স্ত্রী রাবেয়া বেগম ও ছেলে জাকির হোসেনকে সঙ্গে নিয়ে রমনায় ছায়ানটের বর্ষবরণে যোগ দেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এলাকাতেই পরিবারের চাষ ও জমিজমা দেখাশোনা করি। গত দুই বছর যাবত ঢাকায় বর্ষবরণে আসছি। রমনা থেকে টিএসসির দিকে যাবো। দুপুর বা বিকাল পর্যন্ত সেখানে থাকবো বলে আশা করি।"

রাজধানীর শ্যামলী এলাকার গৃহবধু নাসরিন ইকবাল এসেছেন তার এক বছর বয়সী কন্যাকে নিয়ে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে তো আমি আর ও (স্বামীকে দেখিয়ে) আসতাম। সারাদিন থাকতাম। গত বছর বাচ্চা কয়েকদিন বয়সের ছিলো। তাই আসতে পারিনি। এবার আসলাম। ছায়ায় যতক্ষণ থাকা যায় থাকবো। এরপর চলে যাবো।"

রমনায় দেখা মেলে সেগুনবাগিচা এলাকার এক সত্তরোর্ধ এক দম্পতির, যারা প্রতিদিন সকালে হাঁটতে এই পার্কে আসেন। প্রতিদিনের অভ্যাসবশত বছরের প্রথম দিনেও ব্যতিক্রম না করে নতুন জামা কাপড় পরে এসেছেন। হাঁটতে আসার পাশাপাশি সামিল হয়েছেন বর্ষবরণেও।

এই দম্পত্তির মধ্যে স্বামী আবুল কালাম আজাদ কর্মজীবনে ব্যবসায়ী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছোট বেলায় রংপুরে থাকতে বাবার সঙ্গে মেলায় যেতাম। মাঝে ব্যস্ত জীবনে একটা ছেদ পড়েছে। এখন এখানে এসে মনে হচ্ছে, ঢাকা শহরেই যেনো আমি আমার শৈশবকে খুঁজে পেয়েছি।"