২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঘণ্টা পর বাংলাদেশি শিশুদের ফেরত দিল বিএসএফ

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত পার হওয়া আট বাংলাদেশি শিশুকে আটকের দুঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 10:30 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার সকালে তাদের আটকের পর বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়। তারপর তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

ফেনীর ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহমুদুন্নবী জানান, সকাল ৮টার দিকে পূর্ব ছাগলনাইয়া গ্রামের সীমান্তের পিলার নং ২১৯৩/১৩-এস এর কাছে ১০-১৪ বছর বয়সী ৮ শিশু খেলতে খেলতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে।

তাৎক্ষণিকভাবে বিএসএফের একটি টহল দল তাদের আটক করে।

এর কিছুক্ষণের মধ্যেই ছাগলনাইয়া বিওপির কোম্পানি কমান্ডার বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন।

বেলা ১০টার দিকে বিজিবি এবং বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ছাগলনাইয়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া পৌর মেয়র মো. আলমগীরসহ স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে ৮ শিশুকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন বিজিবি ব্যাটালিয়নের মেজর মো. আবদুর রহমান।

আট শিশু হলো ছাগলনাইয়ার উত্তর আঁধারনগর গ্রামের আবুল কালামের ছেলে মো. সুজন আলী (১৪), মো. রুহুল আমিনের ছেলে মো. সাইদুর রহমান (১৩), মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (১৩), মো. এরশাদ উল্লার ছেলে মো. তারেক হোসেন (১৪), মো. হাবিব উল্লার মো. জাকির  হোসেন (১২), মো. রহিম উল্লার ছেলে মো. এনামুল হক (১১), কামাল উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (১৩) ও আবুল কাশেমের ছেলে মো. গিয়াস উদ্দিন (১২)।