২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ছিনতাইয়ে আহত ২

রাজধানীতে দুইটি পৃথক ঘটনায় ছিনতাইকারীদের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 09:56 PM

Updated : 22 Aug 2022, 06:04 PM

রোববার দুপুরে তুরাগে ছিনতাইকারীদের বাধা দিলে মো. রূপ মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে ছিনতাইকারীরা।  

তুরাগ থানার এসআই কামাল হোসেন বলেন, বেলা সাড়ে ১২টায় তুরাগের নলভোগ এলাকায় মো. রানা নামে এক বিকাশ এজেন্ট টাকা তুলতে গেলে ওঁৎ পেতে থাকা কয়েক ছিনতাইকারী তার দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।

রূপ মিয়া ছিনতাইকারীদের দেখে চিৎকার করে তাদের ধরতে গেলে তাকে গুলি ছুড়ে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।  

রূপ মিয়া বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন জানিয়ে এসআই কামাল বলেন, তার জখম গুরুতর নয়। তাকে উত্তরার কার্ডিও কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুপুরে বাসাবো এলাকায় এনামুল হক (৪০) নামের এক ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা লুট করে নেয় ছিনতাইকারীরা।

এনামুলের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাশ এজেন্ট এনামুল বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ লাখ টাকা তুলে রিকশা করে বাসাবোতে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিরছিলেন।

এসময় দুটি মটরসাইকেলে চড়ে চার যুবক তার গতিরোধ করে টাকাগুলো ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে।

এনামুলের বুকে ও পিঠে ছুরির ক্ষত রয়েছে বলে জানান এসআই ফজলুর রহমান।