২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় স্টেশন মাস্টারসহ তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 12:30 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

৯ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু

উল্লাপাড়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২

এরা হলেন- উল্লাপড়া স্টেশনের মাস্টার  খান মনিরুজ্জামান, একতা এক্সপ্রেসের চালক বঙ্কিম চন্দ্র রায় এবং তার সহকারী আব্দুস শাফী।

রোববার বেলা সাড়ে ১০টায় রেল সচিব আবুল কালাম আজাদ এবং রেলের মহাপরিচালক তোফাজ্জেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে  সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  দায়িত্বে অবহেলার জন্য ওই তিন জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে ঘটনা তদন্তে চারটি কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।

ওই কমিটিকে আগামী চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া পশ্চিম রেলের মহাব্যবস্থাপকের (রাজশা্হী) নির্দেশে ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে।

রেলের সুপারিনটেনডেন্ট মিয়া জাহানকে প্রধান করে চার সদস্যের  কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে  এবং পশ্চিম রেলের ডিভিশনাল ট্রাফিক অথরিটি শফিকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি  কমিটি করে তাদের  ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কে এম আলী আজমের নেতৃত্বে জেলা প্রশাসন একটি  তদন্ত কমিটি করেছে।

রোববার ভোররাত ৩টার দিকে উল্লাপাড়া রেল স্টেশনে একতা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হন। আহত হন আরো অন্তত ১২ জন।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান,লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস একই লাইনে ঢুকে গেলে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।