গবেষক-কৃষক যৌথ প্রয়াস চায় এফএও
বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়াতে ৫ বছর মেয়াদি (২০১৪-২০১৮) কারিগরি সহায়তার আওতায় কৃষকের সঙ্গে গবেষক ও কৃষি সম্প্রসারণ কর্মীদের যোগসূত্র ঘটাতে চায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
সংস্থার পরিকল্পনায় এখন এ বিষয়টিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় এফএওর প্রতিনিধি মাইক রবসন।
তিনি মনে করেন, গবেষণাগারের উদ্ভাবন বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের কৃষকদেরও খুব একটা কাজে লাগে না।
বাংলাদেশের জন্য এফএওর ৫ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশের একদিন পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে সংস্থার পরিকল্পনার নানা দিক তুলে ধরেন রবসন।
তিনি বলেন, “গবেষণাগারে প্রযুক্তি উদ্ভাবনের পর তা কৃষি সম্প্রসারণ কর্মীদের দেয়া হয়, তারা সেগুলো পৌঁছে দেন কৃষকের কাছে। কিন্তু কৃষকদেরই এমন অভিজ্ঞতা রয়েছে, যা গবেষণায় সহায়ক হতে পারে।”
এফএও কৃষক, গবেষক ও কৃষি সম্প্রসারণ কর্মীদের একসঙ্গে কাজ করার একটা পদ্ধতি বের করার চেষ্টা করবে বলে জানান তিনি।
“কৃষকদের পর্যবেক্ষণ কার্যকর গবেষণার ক্ষেত্রে সহায়ক হতে পারে। আমরা অনেক দেশেই এটা দেখেছি।”
বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়াতে কারিগরি সহায়তার আওতায় বার্ষিক আর্থিক সহায়তা ২৫ মিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়টি চিন্তাভাবনা করছে এফএও।
রবসন জানান, কৃষকের সঙ্গে গবেষকদের মেলবন্ধন ঘটানোর প্রথম পদক্ষেপ হিসেবে তারা আগামী মাসে ব্রাজিলের জাতীয় কৃষি গবেষণা কেন্দ্র থেকে শস্য, সবজি, দুগ্ধ, পোল্ট্রি ও ধান চাষে পাঁচ জন বিশেষজ্ঞকে বাংলাদেশে আনবেন।
“ব্রাজিলের বিজ্ঞানিরা এখান থেকে ধান উৎপাদনের অভিজ্ঞতা নেয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতাও বিনিময় করবেন।”
এফএওর এই কর্মকর্তা বলেন, সহজলভ্য অনেক প্রযুক্তিই এখানকার কৃষক এখনো পান না। স্বয়ং কৃষিমন্ত্রী এ বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন।
খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি এফএও একই সময়ে কৃষিপণ্য বাজারজাতকরণের ওপরও জোর দেবে।
গত বছর আলুর বাম্পার ফলনের পরও ন্যায্যমূল্য থেকে কৃষকের বঞ্চিত হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “এই বিষয়টিও এখন চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।”
গতবছর মাঠ পর্যায়ে প্রতিকেজি ২ টাকা দরে আলু বিক্রিকে ‘কৃষকের জন্য ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করে তিনি কৃষকের বাজারজাতকরণের সক্ষমতা বাড়ানোর বিষয়ে কাজ করার কথাও জানান।
রবসন বলেন, কৃষিকাজে মাটির নিচের পানি ব্যবহারের মাত্রা কমিয়ে আনা এবং ভূমিক্ষয় রোধে বাংলাদেশের জন্য একটি টেকসই খাদ্য উৎপাদন পদ্ধতি তৈরির পরিকল্পনা রয়েছে এফএওর।
তবে অনেকের মতো জাতিসংঘের এই সংস্থাও নিরাপদ খাদ্যের বিষয়টি চিন্তিত। ফল এবং শাকসবজিতে ফরমালিন মেশানোর অশুভ তৎপরতা নিয়ে ভোক্তাদের মতো রবসন নিজেও শঙ্কিত।
এক্ষেত্রে মূল সমস্যা হিসেবে খাদ্যের মান এবং নিরাপত্তার বিষয়ে কঠোর নিয়ন্ত্রণের অভাবকেই দায়ী করেন।
তিনি অবশ্য গত বছর অক্টোবরে সংসদে খাদ্য নিরাপত্তা আইন পাসের প্রশংসা করেন।
খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে ‘ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রাম’ থেকে পাওয়া বৈজ্ঞানিক তথ্যের সহায়তায় সরকার কার্যকর সিদ্ধান্ত নিতে পারছে বলে মনে করেন তিনি।
এই কর্মসূচি থেকে পাওয়া তথ্য উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে খাদ্য উৎপাদনের কারণে বছরে মাত্র দশমিক ৩ শতাংশ ফসলি জমির ক্ষতি হচ্ছে, যদিও অনেকের ধারণা এই হার ১ শতাংশ।
এভিয়েন ইনফ্লুয়েঞ্জাসহ হুমকি হয়ে উঠা অন্যান্য রোগ নিয়ে এফএওর অন্যান্য প্রকল্পগুলো অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির এদেশীয় প্রতিনিধি।
