২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মন্ত্রীদের ফুল, ক্রেস্ট, পুরস্কার দিয়ে লাভ কী’

মন্ত্রী ও সংসদ সদস্যদের সোনার তৈরি নৌকাসহ বিভিন্ন উপহার-উপঢৌকন দেয়ার সমালোচনা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 11:03 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আয়োজকরা তাকে ফুল ও ক্রেস্ট দেয়ার পর তিনি বলেন, “মন্ত্রীদের এত ফুল, ক্রেস্ট, পুরস্কার দিয়ে লাভ কী? আপনারা ব্যবসায়ী, ব্যবসা করেন। মন্ত্রীকে কেন উপঢৌকন দিতে হবে?

“আমার কোনো অনুষ্ঠানে তোরণ নির্মাণ ও হোন্ডা মিছিল নিষিদ্ধ করে দিয়েছি। যেসব মন্ত্রী-এমপিদের জন্য স্কুলের বাচ্চারা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ আছে।”

মন্ত্রী-সংসদ সদস্যদের সোনার নৌকা না দিয়ে তার অর্থ দরিদ্র মানুষকে দেয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

শনিবার রাতে নগরীর পলোগ্রাউন্ডে ২২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

রাজনীতি থেকে মূল্যবোধ, বিনয় ও সৌজন্য হারিয়ে যাচ্ছে মন্তব্য করে কাদের বলেন, “আমরা দিনে দিনে ভণ্ড ও স্বার্থপর হয়ে যাচ্ছি। জনগণ যদি জনপ্রতিনিধিদের ওপর আস্থা হারায় তবে দেশ পরিচালনা করবে কারা?”

নতুন টেক্সিক্যাবের ভাড়া নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ভাল গাড়ি বলেই ভাড়া বেশি হচ্ছে।

“১৫০০ সিসি গাড়ি, নিরাপত্তা আছে, ট্র্যাকিং ডিভাইস আছে। জাপান থেকে অকটেনচালিত এসব ট্যাক্সি ক্যাব এনেছি। অনেকে ডিজেলচালিত পাঁচশ বা এক হাজার সিসির ক্যাব আনতে চেয়েছিল। আমি রাজি হইনি।”

তবে ভাড়া জনগণের জন্য কষ্টকর হলে তা পুনর্বিবেচনার জন্য পরিচালনাকারী প্রতিষ্ঠান সেনাবাহিনীকে অনুরোধ করবেন বলে জানান মন্ত্রী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কর্ণফুলীতে টানেল নির্মাণ প্রকল্প, থানচি-আলীকদম সড়ক, বাংলাদেশ-ভারত-চীন-মিয়ানমার সড়ক যোগাযোগ ও চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন যোগাযোগমন্ত্রী।

চট্টগ্রামের সৌন্দর্য বিলবোর্ডের কারণে নষ্ট হচ্ছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

“আমি চট্টগ্রামের সবুজ দেখি না। পাহাড়, আকাশ আর রিমঝিম বৃষ্টি দেখি না, শুধু বিলবোর্ডের জন্য। এমনকি কর্ণফুলীর ঢেউও দেখি না বিলবোর্ডের কারণে।”

অনুষ্ঠানে উপস্থিত সাংসদ, ব্যবসায়ী নেতা ও চট্টগ্রামের মেয়রকে সমন্বিত উদ্যোগ নিয়ে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে অনুরোধ জানান তিনি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংসদ এম এ লতিফ, চেম্বার সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম ও সৈয়দ জামাল আহমেদ।

অনুষ্ঠানে এবারের মেলায় সেরা বিদেশি স্টলের পুরস্কার পায় থাই প্যাভিলিয়ন। দেশি স্টলের মধ্যে চ্যাম্পিয়ন রাজশাহী সিল্ক, দ্বিতীয় বেঙ্গল টেক্সটাইল ও তৃতীয় এন মোহাম্মদ প্লাস্টিক।

মিনি প্যাভেলিয়ন ক্যাটগরিতে প্রথম হয় নাভানা ফানির্চার লিমিটেড, দ্বিতীয় পারটেক্স ফানির্চার লিমিটেড ও তৃতীয় কিশোয়ান বেকার্স লিমিটেড।

স্ট্যান্ডার্ড প্যাভেলিয়ন বিভাগে প্রথম হয়েছে হাতিল কমপ্লেক্স, দ্বিতীয় যুগ্মভাবে ইলকট্রোমার্ট ও আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস এবং তৃতীয় দিল্লি এলুমিনিয়াম।

স্টল বিভাগে প্রথম পেডরোলো, দ্বিতীয় আলী ব্রাদার্স ও তৃতীয় কে কে ডিস্ট্রিবিউশন।