২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপারে ঢুকে বিএসএফের হামলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাড়িঘরে ভাংচুর চালানোর অভিযোগ করেছেন স্থানীয়রা। 

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 08:26 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার দুপুরে ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলারের কাছে একটি বাড়িতে এ হামলা হয়।

এ সময় বিএসএফ দল ১২টি ছাগল নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।

জোংড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামসহ স্থানীয় লোকজন জানান, বেলা আড়াইটার দিকে বাংলাদেশ ভূখণ্ডে গরুর ঘাস কাটতে যান রাসেল নামে স্থানীয় এক যুবক।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কুচবিহার জেলার ললোংগীবাড়ী ক্যাম্পের টহল দল ধাওয়া করে এপারে চলে আসে।

এরপর তারা সীমান্ত ঘেঁষা সিরাজুলের বাড়ি ঘিরে ফেলে এবং সেখানে রাসেল আছেন বলে দাবি করে।

পরে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে ধাওয়া করলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে ১২টি ছাগল নিয়ে যায়।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহল আমীন জানান, বিষয়টি নিয়ে বিকালে ওই সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ ঘটনাটি অস্বীকার করেছে।