ইমরানের ‘পরিণতি’ ‘উপভোগে’ হেফাজত নেতারা
গণজাগরণ মঞ্চের সঙ্গে সরকার সমর্থক সংগঠনগুলোর চলমান বিরোধ ‘উপভোগ’ করছেন বলে জানিয়েছেন শাহবাগ আন্দোলনের বিরোধী হেফাজতে ইসলামের নেতারা।
সংগঠনের ‘শানে রেসালত সম্মেলনে’র শেষ দিন বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা জাফরুল্লাহ খান গত বছরের ৫ মে মতিঝিল সমাবেশ পণ্ড করা নিয়ে একথা বলেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার চট্টগ্রাম লালদীঘি ময়দানে এই সম্মেলনে হেফাজত আমির শাহ আহমদ শফী, মহাসচিব জুনাইদ বাবুনগরীও উপস্থিত ছিলেন।
জাফরুল্লাহ বলেন, “আমরা কারো ওপর প্রতিশোধ নেইনি, আমাদের এটা করতে হয় না। আল্লাহ তাদের বিরুদ্ধে মোক্ষম ফায়সালা করেছেন।
“এখন আমরা শাহবাগী ইমরান এইচ সরকারের ধারাবাহিক পরিণতি উপভোগ করছি।”
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবির আন্দোলনরত গণজাগরণ আন্দোলনের এক বছর পেরিয়ে যাওয়ার পরপরই মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরোধিতায় নেমেছে কয়েকটি সংগঠন।
এনিয়ে শাহবাগে মারামারি ও পাল্টাপাল্টি মামলা হয়েছে। ইমরান এজন্য আওয়ামী লীগের সহযোগী ছাত্র ও যুবলীগ নেতাদের দায়ী করছেন।
শানে রেসালত সম্মেলনে একদিন আগেই মাহমদ শফী বলেন,“হাসিনা সরকার, আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন, সবাই আমাদের বন্ধু। কেউ যদি হাসিনা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগকে আমাদের দুশমন বুঝে থাকেন, এমনটা ভুল হবে।”
হেফাজতে আমিরের ওই বক্তব্য ধরে ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “তা থেকেও বোঝা যায়, সরকারের অবস্থান এখন গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে।”
গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ‘নাস্তিক ব্লগারদের আন্দোলন’ আখ্যায়িত করে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছিল চট্টগ্রামভিত্তিক হেফাজত।
গত বছরের ৫ মে তারা সহিংস তাণ্ডবের পর শাপলা চত্বরে অবস্থান নিলে সরকার কঠোরভাবে তাদের তুলে দেয়। ওই অভিযানে অনেকে নিহত হন বলে হেফাজতের দাবি, যদিও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ওই অভিযানের বিষয়টি তুলে ধরে জাফরুল্লাহ খান বলেন, “একজন নামাজী ও হিজাবী প্রধানমন্ত্রীর কাছে জনগণ এটি আশা করেনি।”
রেসালত সম্মেলনে শেষ দিন রাতে বক্তব্যে আহমদ শফী দাবি করেন, নারীদের বিষয়ে তিনি আল্লাহর কথাই বলেছেন।
“আল্লাহ বলেছেন, ‘তোমরা ঘরের চার দেওয়ালের বাইরে যাইও না, বেপর্দা চলবেন না’। কিন্তু আমাদের ওপর আক্রমণ কেন। বেবুঝ কিছু মানুষ আছে, যারা আমাদের ওপর আক্রমণ করে।”
বক্তব্যে গণজাগরণ মঞ্চ কিংবা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেননি হেফাজত আমির। বক্তব্যের পর মোনাজাত পরিচালনা করেন তিনি।
শানে রেসালত সম্মেলনে বক্তব্যে হেফাজত মহাসচিব বাবুনগরী সংগঠনের নেতা মুফতি ওয়াক্কাস ও হারুন ইজহারের মুক্তি দাবি করেন।
হারুন ইজহার বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতা। চট্টগ্রাম লালখান বাজারে তাদের মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মামলায় তিনি কারাগারে রয়েছেন।
বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনকে ‘একতরফা নির্বাচন’ বলেও আখ্যায়িত করেন বাবুনগরী।
ভোটের পর হিন্দুদের ওপর হামলার ঘটনা নিয়ে তিনি বলেন, “একতরফা নির্বাচনের পর হিন্দু ভাইদের ওপর যে নির্যাতন হয়েছে, তার সুষ্ঠু তদন্তপূর্বক এর বিচার করতে হবে।”
মতিঝিল সমাবেশসহ হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি সমর্থন দিয়েছিল। ৫ জানুয়ারির ভোটকে বিএনপিও ‘একতরফা’ নির্বাচন বলে।
শাহবাগের ব্লগার, ‘নাস্তিক ও রাসূল অবমানকারীদের’ পুনরায় ইসলাম গ্রহণের আহ্বান জানান হেফাজত মহাসচিব। আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিও জানান তিনি।
নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে রেসাল সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজত নেতা সালাহুদ্দিন নানুপুরী, লোকমান হাকিম, জুনাইদ আল হাবিব, মুফতি আহমদুল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী আবদুর রব ইউসুফী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ওবায়দুর রহমান খান নদভী প্রমুখ।
সরকার আমাদের স্তব্ধ করতে চায়: ইমরান
সরকার, আ. লীগ, ছাত্রলীগ সবাই আমাদের বন্ধু: শফী
