২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুল ছেঁড়ায় নির্যাতনে শিশুর মৃত্যু

চাঁদপুর সদরে ফুল ছেঁড়ায় নির্যাতনের শিকার প্রথম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার সকাল পৌনে ৭টায় চাঁদপুর জেনারেল হাসপাতালে শান্ত মোল্লার (৭) মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মো. আনোয়ার হোসেন।

শান্ত চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সে সবজি বিক্রেতা শুক্কুর মোল্লা ও গৃহিণী সীমা বেগমের ছেলে।

কাঁদতে কাঁদতে শান্তর মা বলেন, “আমি আমার ছেলে হত্যার বিচার চাই। যে আমার পোলাকে আছড়ে মারছে তার ফাঁসি হোক।”

তার মা-বাবা জানান, গত ১ এপ্রিল স্কুল আঙিনায় থাকা জবা ফুল ছিঁড়লে আলম গাজী নামের স্থানীয় এক যুবক শান্তকে মারধর এবং এক পর্যায়ে তাকে দেয়ালে ছুড়ে মারে। এতে শিশুটির ডান পা ভেঙে যায় এবং গুরুতর আহত হয়।

তাকে প্রথমে হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে এনে স্থানীয় কবিরাজকে দিয়ে ‘চিকিৎসা’ করা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার বিকালে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

এ হাসপাতালের চিকিৎসক মো. আনোয়ার হোসেন জানান, শিশুটির ডান পা ভেঙে গিয়েছিল। তাকে হাসপাতালে আনা হলেও শুধু এক্স-রে করিয়ে অভিভাবকরা তাকে বাড়ি নিয়ে যায়।

এরপর তাকে স্থানীয় গ্রাম্য কবিরাজের সাহায্যে চিকিৎসা দেয়া হয়। এতে শিশুটির অবস্থার আরো অবনতি হয়।

শুক্রবার বিকালে শিশুটিকে হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

ডা. আনোয়ার আরো বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির পাটওয়ারী বলেন, “সামান্য ফুল ছেঁড়াকে কেন্দ্র করে আমার স্কুলের এক ছাত্রকে আছড়ে মারার বিষয়টি দুঃখজনক। আমরা এই ঘটনায় শনিবার স্কুলে শোক কর্মসূচি পালন করেছি।”

আলমগীর গাজী নামের যে যুবক শান্তকে আছড়ে মেরেছে সে প্রতিবন্ধী। ঘটনার পর থেকে আলম গাজী পলাতক রয়েছে, বলেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ও কামরুন্নাহার জানায়, গত ১ এপ্রিল সকাল সাড়ে ৮টায় প্রথম শ্রেণির ছাত্র শান্ত ফুল ছেঁড়ার জন্য জবাফুল গাছে ওঠে।

এ সময় আলম গাজী শান্তকে গাছ থেকে মারধর করে নামায় এবং তাকে আছাড় দেয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, স্কুলছাত্র শান্তর মৃত্যুর ঘটনায় কেউ আটক হয়নি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।