টঙ্গী হাসপাতালের পানির ট্যাংকে পচা কুকুর
টঙ্গী সরকারি হাসপাতালের রিজার্ভ ট্যাংক থেকে একটি কুকুর পচা অপসারণের একদিন পরও পানির ব্যবহার স্বাভাবিক হয়নি।
বৃহস্পতিবার পচা কুকুরটি ফেলে দিয়ে ট্যাংকটি পানিশূন্য করে পরিষ্কার করা হয়।
তবে, শুক্রবারও হাসপাতালের চিকিৎসক ও রোগীদের বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে দেখা গেছে।
সকাল পৌনে ১২টার দিকে টঙ্গী হাসপাতালে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগে একমাত্র চিকিৎসক ডা. শরীফুন নাহার রোগী দেখছেন। ওই কক্ষে চিকিৎসকের টেবিলে বাইরে থেকে কিনে আনা পানির বড় বোতল থাকতে দেখা গেছে।
এছাড়া হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের জন্য বাইরে থেকে বোতল, জগ, কলসি ভরে পানি আনতে দেখা যায়।
ডা. শরীফুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের উত্তর পাশে একটি রিজার্ভ ট্যাংক রয়েছে। পাশের গভীর নলকূপ থেকে পানি তুলে ওই ট্যাংকে নেয়া হয়। পরে সেখান থেকে মোটরের সাহায্যে হাসপাতাল ও হাসপাতালের আবাসিক ভবন ও কলোনিতে পানি সরবরাহ করা হয়।
তিনি বলেন, কয়েকদিন আগে রিজার্ভ ট্যাংবটি ভেঙে যাওয়া ঢাকনার ফাঁক দিয়ে একটি কুকুর পানিতে পড়ে যায়। এরপর এটি মরে পচে গেলে পানিতে দুর্গন্ধযুক্ত ছড়িয়ে পড়ে।
খাবার ও ব্যবহারের অযোগ্য হওয়ায় কর্তৃপক্ষ হাসপাতালে পানি সরবরাহ বন্ধ করে দেয়।
এখানে রোগীর স্বজন, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীসহ অন্যরা নিজ নিজ দায়িত্বে বাইরে থেকে পানি সংগ্রহ করেছেন।
পচা কুকুরটি অপসারণ করে ভালোভাবে পারিষ্কার করে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার গভীর নলকূপ থেকে পানি সরবরাহ শুরু হয়।
কিন্তু তারপরও তিনি কেন বাইরে থেকে পানি কিনে নিয়ে এনেছেন জিজ্হেস করলে তিনি বলেন, “ওই পানি খেতে আমারও রুচিতে বাধছে।”
হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ৯দিন আগে ভর্তি হন টাইফয়েড রোগী টঙ্গীর মধুমিতা সড়কের মো. আশিক (১৭)।
তিনি জানান, পানিতে গন্ধ পাওয়ার পর থেকে তিনদিন আগে পানি বন্ধ করে দেয়া হয়। এরপর থেকেই তার স্বজনরা খাওয়ার জন্য দৈনিক ৯-১০ লিটার বোতলজাত পানি কিনে আনছেন।
“বৃহস্পতিবার মোটরটি চালু করে হাসপাতালে পানি দিলেও ওই পানি খেতে আমার ইচ্ছে হচ্ছে না। রোগ সারাতে এসে যাদি আবার আরো কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি, সেই ভয়ে ওই পানি পান করছি না।”
একই কথা বলেছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ফায়দাবাদের সিরাজ উদ্দিন, আব্দুল্লাহপুরের মকবুল হোসেন, কুলসুম বেগম প্রমুখ।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. মাহবুবুর রহমান জানান, “এ হাসপাতালে আমি নতুন এসেছি। ওই ট্যাংকটিক ঢাকনা যে আংশিক ভাঙা ছিল তা আমার জানা ছিল না।
ট্যাংকে কুকুর পড়ে পচে গেলে বুধবার আমরা পানিতে গন্ধ পাই। পরে রোগীদের সতর্ক ও পানি সরবরাহ বন্ধ করে দিই।”
বৃহস্পতিবার ট্যাংক থেকে ফেলে তিনবার ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। পরে সন্ধ্যায় পানি সরবরাহ শুরু হয়।
তারপরও আগামী দুইদিন ওই পানি পান না করাই ভালো। তবে গোসল, ধোয়া ও মোছার কাজে ব্যবহারে সমস্যা নেই।
ট্যাংকের ঢাকনা পরিবর্তন করা হয়েছে বলেও তিনি জানান।
