দুই জেলেকে হত্যার দায়ে দুই বনদস্যুর ফাঁসির আদেশ
বাগেরহাটে দুই সহোদরকে হত্যার দায়ে দুই বনদস্যুর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি গ্রামের হাবিব মাতুব্বরের ছেলে মো. জুলফিকার আলী ওরফে জুলফু এবং একই উপজেলার আমড়াতলা গ্রামের জালাল মোল্লার ছেলে অলি ওরফে রাজু ওরফে রতন। এরা দুজনেই পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মোহম্মদ আলী জানান, ২০০৪ সালের ১১ অক্টোবর বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের মোকলেছ হাওলাদারের দুই ছেলে আনোয়ার হাওলাদার ও হারুন হাওলাদারসহ ১০/১২ জন জেলে মহাজনের কাছ থেকে নয়টি নৌকা নিয়ে সুন্দরবনের শেলা নদীতে মাছ ধরতে যায়।
ওই বছরের ১৭ অক্টোবর নৌকা মালিক আব্দুল মালেক আকন শেলা নদীতে গিয়ে নয়টি নৌকার মধ্যে দুটি নৌকা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ওই নিখোঁজ দুটি নৌকায় আনোয়ার হাওলাদার ও হারুন হাওলাদার ছিলেন।
তিনি বলেন, নিখোঁজের ছয়দিন পর ২২ অক্টোবর আনোয়ারের মরদেহ শেলা নদীর বেড়ির খালের চরে পাওয়া যায়। হারুনের লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এই ঘটনায় নিহতের ভাই বাদশা হাওলাদার ওই দিন মংলা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মংলা থানার উপ পরিদর্শক মো. আবুল হোসেন তদন্ত শেষে ২০০৫ সালের ১২ ডিসেম্বর বনদস্যু মো. জুলফিকার আলী ওরফে জুলফু এবং অলি ওরফে রাজু ওরফে রতন ওই দুই জেলেকে মাছ ধরা অবস্থায় গুলি করে হত্যা করে বলে আদালতে অভিযোগপত্র দেন।
