২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: এস আলম গ্রুপকে ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের এস আলম শিল্প গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে এক কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 10:42 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার ঢাকায় অধিদপ্তরের কার্যালয়ে এস আলম গ্রুপের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি নিয়ে এ অর্থদণ্ড দেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।

প্রতিষ্ঠানগুলো হলো- কর্ণফুলী এলাকার এস আলম রিফাইন্ড সুগার মিলস লিমিটেড, এস আলম স্টিল মিলস, এস আলম ভেজিটেবল অয়েল মিলস, এস আলম কোল্ড রোল স্টিল মিলস ও চেমন ইস্পাত লিমিটেড।

পরিবেশ ছাড়পত্র নবায়ন না করা এবং ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনার মাধ্যমে মাটি ও পানিসহ পরিবেশ দূষণের অপরাধে এ জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় কারখানা পাঁচটি পরিদর্শন করে অনিয়ম ও পরিবেশ দূষণের প্রমাণ পায়।

মো. আলমগীর জানান, এস আলম সুগার মিল দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও ইটিপি নির্মাণ ছাড়া আমদানিকৃত অপরিশোধিত চিনি পরিশোধন করছে।

তিনি বলেন, “এ কারখানা থেকে কয়েকশ টন অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পাশের কর্ণফুলী নদীতে মিশে পরিবেশ-প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধন করে আসছিল।”

আর এস আলম স্টিল মিলস, এস আলম কোল্ড রোল স্টিল মিলস ও চেমন ইস্পাত মিল পরিবেশ ছাড়পত্র নবায়ন ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল বলেও জানান তিনি।

অধিদপ্তরের পরিচালক আলমগীর বলেন, কারখানাগুলোতে ঢেউটিন তৈরিতে প্রচুর অ্যাসিড ও জিঙ্ক ব্যবহার করা হয়। এসব কারখানা থেকে বর্জ্য পরিশোধন ছাড়াই বাইরে নির্গত করায় ব্যাপকভাবে মাটি ও পানি দূষিত হয়।

“এভাবে পরিবেশ-প্রতিবেশের ক্ষতি করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।”