২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্যজয়ের স্বপ্নভঙ্গ বুলেটে

দিনমজুর বাবার ঘরে তিনবেলা খেতে পারা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই লেখাপড়া চালিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন রুস্তম। স্বপ্ন ছিল লেখাপড়া শেষে পরিবারের দারিদ্র্য দূর করার, কিন্তু ঘাতকের বুলেটে নিমেষেই মিছে হয়ে যায় তার সব শ্রম আর ঘাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 01:37 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে  গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ, যিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় রুস্তমের পরিবারের সদস্যদের। কথোপকথনে উঠে আসে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে রুস্তমের বেড়ে ওঠা এবং তাকে ঘিরে পরিবারের সদস্যদের আশা-আকাঙক্ষার কথা।

গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার চকনারায়ণপুর গ্রামের শাহজাহান আলী আকন্দের ছেলে রুস্তম স্কুলজীবন থেকেই সংগ্রাম করেন। তার বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াও চলছিল গ্রামীণ ব্যাংকের ঋণের টাকায়। লেখাপড়া শেষে চাকরি করে পরিবারের অভাব ঘোচানোর স্বপ্ন ছিল রুস্তমের, সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিলেন পরিবারের সদস্যদেরও।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

“আব্বা আর কয়েকটা মাস ধৈর্য ধরো- আমি চাকরিতে ঢুকলে তোমাদের আর না খেয়ে থাকতে হবে না। মাকে আর ছেড়া কাপড় পরতে হবে না।

“ভাইয়াকে একটি সাইকেল কিনে দিব, যাতে করে তাকে আর হেঁটে বাজারে যেতে না হয়। আর ইটের বাড়ি করেই ভাইয়াকে বিয়ে দিব। ছোট ভাই তখন আরামে পড়াশোনা করবে,” নিহত হওয়ার ঠিক এক সপ্তাহ আগে ২৮ মার্চ বাড়িতে গিয়ে এভাবেই বাবাকে আশ্বস্ত করেছিলেন রুস্তম।

রুস্তমের বাবা শাহজাহান আলী জানান, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫  পেয়েছিলেন তার এই ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছাওয়ালডা বড্ড মায়াবি আছিল। ব্যাবাক  মানুষ ওকে মায়া (ভালবাসতো) করতো। ইস্কুল পড়ার সময়ত অস্তুম (রুস্তম) না খাইয়া যাইতো।

“হামি গরীব বলে তাকে বই-পুস্তুক কিনে দিতে পারিতাম না। ওই ইস্কুলের শিক্কোকরাই ছাওয়ালডারে পড়াইতো।”

এসএসসিতে রুস্তমের জিপিএ-৫ পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “ওডা নাকি অনেক দামি রেজাউল (রেজাল্ট)। কেরোসিন কিনতে পারতাম না দেইখা অস্তুম বিকেল থেকে পড়তে বসতো।”

রুস্তম স্কুলে তার সহপাঠী ও অন্যদের পড়িয়ে যে টাকা পেতেন তা দিয়ে খাতা কলম কিনতেন। এমনকি মাঝে মাঝে চাল কিনে পরিবারের খাবারের ব্যবস্থা করতেন বলে জানান তার বাবা।

স্কুল পাশের পর রংপুর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হন রুস্তম। দূর সম্পর্কের এক আত্মীয় সেখানে তার লেখাপড়ার খরচ দিতেন।

চকনারায়ণপুরে টিনের চালার একটি ঘরে থাকে রুস্তমদের পরিবার। তিন ভাইয়ের মধ্যে বড় ভাই রওশন আলী আকন্দ রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর করেছেন। ছোট ভাই সবে পঞ্চম শ্রেণির ছাত্র।

জমি বলতে ১১ শতকের বসত-ভিটা। মাঠে কোনো চাষের জমি নেই।

ছেলেরা ছোট থাকতে অন্যের ক্ষেতে দিনমজুর খেটে সংসার চালাতেন শাহজাহান আলী। এখন স্থানীয় একটি বাজারে ছোট একটা মুদির দোকান করেন।

নিহত ছাত্রলীগনেতা রুস্তম আলীর গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে তার মায়ের আহাজারি। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিহত ছাত্রলীগনেতা রুস্তম আলীর গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে তার মায়ের আহাজারি

নিহত ছাত্রলীগনেতা রুস্তম আলীর গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে তার মায়ের আহাজারি। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

রুস্তম বাড়িতে গেলে একটি মাত্র থাকার ঘর হওয়ায় ছোট ছেলেকে নিয়ে মেঝেতে মাদুর পেতে ঘুমাতেন বাবা-মা।

কষ্টের সংসারে ‘আশার প্রদীপ’ হয়ে থাকা ছেলের মৃত্যুতে দিশাহীন শাহজাহান। ছেলে হত্যাকারীর বিচারই এখন তার একমাত্র চাওয়া।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলেকে তো আর ফিরে পাওয়া যাবে না। এখন খুনিদের বিচার দেখতে চান তিনি।

রুস্তমের লেখাপড়ার কথা চিন্তা করে ৩৫ বছর বয়সেও বিয়ে করেননি বড় ভাই রওশন আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রুস্তম যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন আমি তৃতীয় বর্ষের ছাত্র। বাবা-মার পক্ষে আমাদের খরচ দেয়া সম্ভব হচ্ছিল না। তাই সে গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়েছিল।

“আর বিশ্ববিদ্যালয়ে গিয়েও টিউশনি করতো। আমি মাস্টার্স শেষ করার পর স্থানীয় একটি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক মাত্র আট হাজার টাকা বেতনের চাকরি করছি।”

রুস্তম যে স্কুলে পড়তেন সেই মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ খাতুন বলেন, “রুস্তম স্কুলে কখনো কারো সঙ্গে ঝগড়া করতো না। পড়াশোনায় ভাল হওয়ায় আমরা তার পরীক্ষা ফি ও বেতন নিতাম না।

“দরিদ্র পরিবারের ছেলে হয়েও এসএসসিতে জিপিএ-৫ এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছিল ও।”

মাদারগঞ্জ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “অত্যন্ত মেধাবী হওয়ায় আমরা রুস্তমকে এক লাখ ২৫ টাকার শিক্ষাঋণ মঞ্জুর করি। সেখান থেকে ইতিমধ্যে সে ৯৪ হাজার টাকা উত্তোলন করেছে।”

লেখাপড়া শেষে চাকরি করে রুস্তমে ঋণ শোধ করবে বলে ব্যাংক কর্মকর্তাদের ধারণা ছিল।

“কিন্তু রুস্তম মারা যাওয়ায় তার পরিবারের পক্ষে ঋণের টাকা দেয়া আর সম্ভবপর হয়ে উঠছে না। তাই আমরা তার ঋণ মওকুফের ব্যবস্থা করবো,” বলেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মিজানুর।

রুস্তমের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরাও জানান লেখাপড়ায় তার মনোযোগের কথা।

ছাত্র রাজনীতি করলেও বিভাগে কখনো দাপট দেখাননি তিনি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনসার উদ্দীন বলেন, “ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। ছাত্ররাজনীতি করলেও রুস্তম কখনো বিভাগে প্রভাব দেখানোর চেষ্টা করেনি।”

রুস্তমের পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

রাবিতে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

রুস্তম হত্যায় দুই শিবিরকর্মী আটক

রুস্তম হত্যা: ছাত্রলীগের অন্তর্কোন্দলও তদন্তে