২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘শিশু আনন্দ’

চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়নের প্রকল্পের অংশ হিসেবে দর্শনার্থী শিশুদের আনন্দ বাড়াতে সেখানে চালু হয়েছে শিশু বিনোদন কেন্দ্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মনজুর মোর্শেদ জানান, মঙ্গলবার সকালে ‘শিশু আনন্দ’ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

চিড়িয়াখানার পশ্চিমে পাহাড়ের নিচে নির্মিত এ বিনোদন কেন্দ্রে বসানো হয়েছে দোলনা, স্লাইডার, প্যাডেল চেয়ার, আপ-ডাউন ফ্লিপসহ শিশুদের বিনোদনের বিভিন্ন রকমের সাতটি সরঞ্জাম।

ভবিষ্যতে এর পরিসর আরো বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন কিউরেটর মোর্শেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনোদন কেন্দ্রটি তৈরি করতে ২ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা জেলা প্রশাসকের টিআর প্রকল্পের আওতায় পাওয়া গেছে।

১৯৮৯ সালে নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকায় ছয় একর জায়গা নিয়ে গড়ে উঠা এ চিড়িয়াখানা পরিচালনার দায়িত্বে রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চিড়িয়াখানাটিতে বর্তমানে দুটি সিংহীসহ ৩৭ প্রজাতির প্রাণি থাকলেও নেই বাঘ। চন্দ্র ও পূর্ণিমা নামে দুটি বাঘ ছিল, তবে দুটিই মারা গেছে।