ক্ষতিকর রাসায়নিকে নকল স্যালাইন, মোড়কে আইসিডিডিআর,বি
কলকারাখানায় ব্যবহৃত (শিল্প) পটাশিয়াম ক্লোরাইড, খাবার সোডা, লবণ ও চাউলের গুড়া নোংরা গামলায় মিশিয়ে তৈরি করা হয় নকল রাইস স্যালাইন, যার মোড়কে থাকে আইসিডিডিআর’বির নাম।
সোমবার রাজধানীর বাড্ডা এলাকায় মানুষের জন্য ক্ষতিকর এই নকল স্যালাইন কারখানার সন্ধান পেয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারখানা মালিকসহ পাঁচ জনকে দণ্ড দেয়া হয়েছে।
দুপুরে উত্তর বাড্ডার ১০ নম্বর আব্দুল্লাহবাগ, সাতারকুল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই চক্রকে ধরা হয় বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান।
তিনি বলেন, কারখানা মালিক সিদ্দিকুর রহমানকে দুই বছরের এবং তার ছোট ভাই (বিপণনকারী) নবীন খানকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া কারখানার তিন কর্মচারী কবির, স্বপন ও মাসুদকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এই চক্রটি নকল স্যালাইন বানানোর পর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র-আইসিডিডিআর,বির নকল প্যাকেটে ভরে তা বাজারজাত করতো বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, “নকল এই স্যালাইন মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়া হচ্ছিল। রাজধানীর বিভিন্ন ফার্মেসিতেও এসব স্যালাইন সরবরাহ করা হয়ে থাকে।”
ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহিদ খানও এই অভিযানে ছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যের জন্য হুমকি এমন সব দ্রব্য দিয়ে স্যালাইন তৈরি করা হচ্ছিল। এগুলো খেলে রোগী সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে যাবে।”
র্যাব কর্মকর্তারা জানান, কারখানা মালিক সিদ্দিক আগে আইসিডিডিআর,বিতে কাজ করতেন।
গ্রেপ্তার হওয়ার পর তিনি র্যাবকে জানিয়েছেন, ফার্মা গ্রেডের পটাশিয়াম ক্লোরাইডের ৫০ কেজির দাম সাত হাজার টাকা, যেখানে সমপরিমাণ শিল্প গ্রেডের পটাশিয়াম ক্লোরাইডের দাম দুই হাজার টাকা। এজন্য তিনি শিল্প গ্রেডের পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করতেন।
ঘটনাস্থল থেকে ২০ হাজার প্যাকেট নকল স্যালাইন উদ্ধার করে র্যাব। সেগুলো বাজারজাত করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল বলে কর্মকর্তারা জানান।
নির্বাহী মেজিষ্ট্রেট আনোয়ার পাশা জানান, প্রতিদিন আট হাজার প্যাকেট স্যালাইন এই কারখানায় তৈরি হতো। এসব স্যালাইন বাজারে প্রতি প্যাকেট ১০ টাকা করে বিক্রি হতো, যেখানে আইসিডিডিআর,বির প্রতি প্যাকেটের দাম ১২ টাকা। দোকানদাররা বেশি লাভের আশায় এসব ভেজাল স্যালাইন কম দামে কিনে সাধারণ ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে থাকেন।
আনোয়ার পাশা বলেন, “এখন গরমকাল হওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেশি। তাই স্যালাইনের চাহিদাও বেশি। আর এই সুযোগটিই নিচ্ছিলেন এসব ব্যবসায়ী।”
