২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের সাবেক প্রকৌশলীকে কারাগারে প্রেরণ

পূর্ব রেলের নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি পূর্ব রেলের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্রপ্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 02:58 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

হাফিজুর রহমান চৌধুরী সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আতাউর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের পিপি মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ব রেলে সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা দুটি মামলায় সোমবার শুনানির দিন ছিল।

দুই মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হাফিজুর রহমান চৌধুরী।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ফুয়েল চেকার পদের মামলার আসামি নিয়োগ প্রত্যাশী আনিসুর রহমান ও আবুল কাশেম আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর গত ৩ মার্চ পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়।

মৃধা ও হাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

সহকারী কেমিস্ট পদের মামলায় আসামিরা হলেন- পূর্ব রেলের তৎকালীন সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী, পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, সহকারী কেমিস্ট পদপ্রার্থী সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।

ফুয়েল চেকার পদের মামলায় আসামিরা হলেন- ইউসুফ আলী মৃধা, সাবেক জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী ও দুই নিয়োগ প্রত্যাশী আবুল কাশেম, আনিসুর রহমান।

২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলী ও হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদার।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।

এরপর পূর্ব রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।