বাড্ডায় স্যালাইন তৈরির নকল কারখানা, গ্রেপ্তার ৫
রাজধানীর উত্তর বাড্ডায় ‘নকল স্যালাইন’ তৈরির কারখানায় অভিযান চালিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব ১ এর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্বে দেন।
সাজা প্রাপ্তরা হলেন, কারখানা মালিক আব্দুল সিদ্দিক (৩৫), তাকে ২ বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়, ম্যানেজার মো. নবীন খানকে (২৬) এক বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা এবং তিন কারিগর মো. কবির হোসেন(২৬), মো. স্বপন (২২) ও মো. মাসুদ আকন্দকে (২৫) দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিপুল পরিমাণ নকল স্যালাইনসহ আটক করায় কারখানাটি সিলগালা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।”
উত্তর বাড্ডার সাতারকুল রোডের আবদুল্লাহ বাগের ১০ নম্বর বাড়িতে আইসিডিডিআরবি’র সিল দিয়ে ‘নকল স্যালাইল’ তৈরি করা হচ্ছে- এমন তথ্য পেয়ে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়।
