২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কার বন্ধে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসীদের বিক্ষোভ

অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়া এবং বহিষ্কার বন্ধের দাবিতে ৩১টি অঙ্গরাজ্যে একযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী ও মানবাধিকার সংগঠনের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 12:52 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার এই কর্মসূচিতে লসএঞ্জেলেস, আরিজোনা, ওয়াশিংটন ডিসি, শিকাগো, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বিপুলসংখ্যক বাংলাদেশিও অংশ নেন।

অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জাতীয় মোর্চার ডাকে ৩১টি অঙ্গরাজ্যের ৭২টি শহরে এই কর্মর্সূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে 'কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিল' পাস করার তাগিদ দেয়া হয়। আর তা না হলে বারাক ওবামাকে  'ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল'-এর মতো একটি নির্বাহী আদেশ জারি করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

২০১২ সালের জুনে অভিবাসীদের সুবিধায় 'ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল' জারি করেছিলেন ওবামা।

ওই নির্বাহী আদেশে, ১৬ বছরের কম বয়সে বাবা-মার সঙ্গে  যুক্তরাষ্ট্রে আগত অভিবাসীরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর শর্ত সাপেক্ষে সোশাল সিকিউরিটি নম্বর এবং কাজ করার অনুমোদন পেয়েছিলেন।

তবে তাদের অভিভাবকরা ওই আদেশের সুবিধা পাননি। ফলে এখনো অভিভাবকদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আশঙ্কা রয়েই গেছে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, এখনও ৪ লাখেরও বেশি অভিবাসী অভিভাবক বহিষ্কারের অপেক্ষায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

ইউএস ইমিগ্রেশন বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় এক কোটি ১২ লাখ বৈধ কাগজহীন অভিবাসীর মধ্যে লাখ খানেক বাংলাদেশি রয়েছেন।

মূলত লাতিন আমেরিকান ও এশিয়ার অভিবাসীদের ভোটেই দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন বারাক ওবামা। তাদের নিয়ে  বারাক ওবামারও রয়েছে বিশেষ নির্বাচনী অঙ্গীকার।

বিক্ষোভ কর্মসূচি থেকে অভিবাসীরা তাই তাদের সুবিধা নিশ্চিত করতে ওবামার নির্বাচনী অঙ্গীকার পূরণের দাবি জানিয়েছেন।