কুরিয়ারে ইয়াবা পাঠানোর সময় জব্দ
কুরিয়ার সার্ভিস ব্যবহার করে পাঠানোর সময় দেড় হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
রোববার রাত ৯টার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল কাজীর দেউরী মোড়ে এস এ পরিবহনের চট্টগ্রাম শাখা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে।
গোয়েন্দা পুলিশের এএসআই রিপন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে পার্সেলটি আটক করা হয়। ঠিকানা ছাড়া শুধু নাম ও মোবাইল নম্বর দিয়ে এটি ঢাকায় পাঠানো হচ্ছিল।"
তিনি জানান, চট্টগ্রাম থেকে হাসান (০১৮৫৫ ২৫১৩৪৯) নামে এক ব্যক্তি ঢাকার আবুল কালাম (০১৬৮৬ ৮১২৫৫৫) বরাবরে ইয়াবার পার্সেলটি কুরিয়ার করেন।
ঢাকার কাকরাইল অফিস থেকে পার্সেলটি সংগ্রহ করার বিষয়টি উল্লেখ রয়েছে।
এএসআই রিপন বলেন, "পার্সেলের কার্টনে থাকা একটি সাউন্ড বক্সের ভেতরে একটি প্যাকেটে ১০০টি এবং অপর সাতটি প্যাকেটের প্রতিটিতে দুইশ করে মোট দেড় হাজার ইয়াবা ট্যাবলেট টেপ মুড়িয়ে রাখা ছিল।"
এই ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এএসআই রিপন।
