চট্টগ্রামের এস এ গ্রুপের ২ প্রতিষ্ঠানের জরিমানা
দূষণের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এস এ গ্রুপের দুই প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম শুনানি শেষে কার্যকর বর্জ্য শোধন ব্যবস্থা (ইটিপি) এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন।
জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ এপ্রিল সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অবস্থিত প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করে ইটিপি না থাকার বিষয়টি ধরা পড়ে।
ইটিপি ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এস এ পাল্প অ্যান্ড পেপার প্রডাক্টস লিমিটেডকে ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ইটিপি থাকলেও উৎপাদনের সময় চালু না থাকায় গোয়ালিনি ব্রান্ডের দুধ প্রস্তুতকারক সামান্নাজ কনডেন্সড মিল্ক লিমিটেডকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এই পরিচালক জানান, প্রতিষ্ঠান দু’টি তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করে আসছিল। তাদের তরল বর্জ্য খাল হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে।
শুনানিতে এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলমের পক্ষে একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
