২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে পা কাটল এসএসসি পরীক্ষার্থীর

নাটোরে ট্রেন লাইনে উঠে যাওয়া ভটভটি থেকে নামতে গিয়ে পা হারিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

রোববার সকাল সাড়ে ১০টায় নাটোর রেলস্টেশন গেইটে এ দুর্ঘটনায় পা হারান আজমিরা খাতুন (১৬)। আহত হন আজমিরার দাদা আমির উদ্দিনও। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা গ্রামের আজাহার আলীর মেয়ে আজমিরা এবার আলোকনগর স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।

নাটোর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক কুমার জানান, নাটোর স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে উত্তরা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার সময় রেলগেটে আকস্মিকভাবে একটি ভটভটি লাইনের উপর উঠ যায়। এ সময় ভটভটিটি লাইন থেকে নামতে পারলেও লাইনের উপর পড়ে যান আমির উদ্দিন ও আজমিরা।

তিনি বলেন, আমিরের আঘাত গুরুতর না হলেও ট্রেনের চাকায় কাটা পড়ে আজমিরার ডান পা।

হাসপাতালের চিকিৎসক নুরুল ইসলাম বলেন, আজমিরার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অস্ত্রপোচার করে রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে।

আমির উদ্দিন বলেন, তিনি নাতনি আজমিরাকে নিয়ে নাটোর শহরের হাফরাস্তা মহল্লায় তার ছেলে ডা. আনিসুর রহমানের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

অশোক কুমার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়ভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে জানা গেছে, ওই সময় রেলগেট আটকানো ছিল। ভটভটির চালক গেটের প্রতিবন্ধকটি তুলে লাইন উঠে যান। ওই সময় গেইটম্যান মৃণাল পাত্র তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।